“হিজাব পরে ফিতে কাটার ফল মা দেখিয়েছেন,” বৃষ্টির বিপর্যয় টেনে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরে একাধিক পুজো উদ্বোধনের পর থেকেই রাজ্যজুড়ে তৃণমূল-বিজেপি নেতাদের পালটা মন্তব্যে বিতর্ক তুঙ্গে। শুক্রবার সেই বিতর্কের রেশ ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতানেত্রীদের তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন কাঁকুড়গাছির একটি দুর্গাপূজার উদ্বোধনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “মা দুর্গা অশুভ শক্তির বিনাশকারিণী। মা আমাদের নিশ্চয়ই সেই শক্তি দেবেন।”

“নিজের ইচ্ছেমতো পঞ্জিকা তৈরি করবেন না”
দুর্গাপূজাকে ‘সাংস্কৃতিক উৎসব’ হিসেবে তুলে ধরার প্রবণতা নিয়ে তিনি তৃণমূলের সমালোচনা করেন। তিনি স্পষ্ট জানান, “দুর্গাপূজো হবে সনাতন ধর্ম মতে। পঞ্জিকা মেনে। সেখানে সমঝোতা হবে না।”

মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত করে শুভেন্দু অধিকারী বলেন, “মায়ের শক্তি মা দেখিয়েছেন। পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেরিয়ে জোর করে ১ লক্ষ ১০ হাজার টাকা দিয়ে ফিতে কাটার ফল মা দেখিয়েছেন কলকাতার দুর্যোগ করে। আজ যেভাবে কানের পাশে কাপড় সরিয়ে এসেছেন। বার্তা একদম পরিষ্কার। নিজের ইচ্ছেমতো পঞ্জিকা তৈরি করবেন না।”

শুভেন্দু অধিকারী আরও হুঁশিয়ারি দেন, “হিন্দু ধর্মকে ‘গন্ধা ধর্ম’ (খারাপ ধর্ম) বলবেন না। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলবেন না। একটু মুখটা সামলে চলুন। নইলে মা আছেন। উনি অনেক অসুর বধ করেছেন। এখন একটা অসুরকে খোঁচা দিচ্ছেন। আমরা চাই মা যেন সেটাকে ধ্বংস করেন।”

হিজাব ও জল জমার ঘটনা নিয়ে কটাক্ষ
কলকাতায় সম্প্রতি বৃষ্টির পর একাধিক পুজো মণ্ডপে জল জমার ঘটনা নিয়েও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “শনিবারদিন পিতৃপক্ষে যে তিনটে পুজো উনি উদ্বোধন করেছিলেন, তারমধ্যে হাতিবাগানে হিজাব পরে… শ্রীভূমি স্পোর্টিং, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এই মুহূর্তে ক্যামেরা পাঠান, থইথই করছে জলে। সর্বশক্তিমান মা দুর্গা এই পাপ মেনে নেননি।”

তিনি কলকাতার জল জমার ঘটনার জন্য কলকাতা কর্পোরেশনের ভূমিকাকে দায়ী করেন এবং মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করেন। শুভেন্দু অধিকারীর দাবি, “এই লোকটাকে (ফিরহাদ হাকিম) তাড়াচ্ছে না কেন? একে তো আগে গ্রেফতার করতে হবে। এ আর মনোজ ভার্মা আর CESC-র সঞ্জীব গোয়েঙ্কা—তিনজনকে জেলে দেখতে চায় বাংলা।”