ইছামতির মাটি ও YouTube-এর কৌশল! বসিরহাট থেকে জেলা মাতাবে কলেজ পড়ুয়া দীপনের হাতে গড়া প্রতিমা

চারপাশে যখন পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, তখন উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় উৎসবের রঙ ছড়াচ্ছে এক তরুণ কলেজ পড়ুয়ার হাতের জাদু। টাকি গভর্নমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র দীপন বিশ্বাস-এর হাতে গড়া প্রতিমা এখন টাকি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, স্বরূপনগর-সহ জেলার নানা প্যান্ডেলে পৌঁছে যাচ্ছে।
নদীর তীরে খেলার ছলে ইছামতির এঁটেল মাটি দিয়ে ছোট ছোট মূর্তি বানানো থেকেই শিল্পচর্চার শুরু। সেই অনুরাগ থেকেই জন্ম নেয় মৃন্ময়ী শিল্প গড়ার অদম্য জেদ।
ইউটিউব দেখে কৌশল আয়ত্ত, এখন দক্ষ শিল্পী
পড়াশোনার পাশাপাশি শিল্পকেই নিজের সঙ্গী করে নিতে চান দীপন। তবে তার এই প্রতিমা গড়ার কৌশল শেখা কোনও চিরাচরিত পথে হয়নি। ইউটিউব দেখে দেখে তিনি দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক ও গণেশ – সব প্রতিমা গড়ার কৌশল আয়ত্ত করেছেন।
বর্তমানে বাঁশ, বিচুলি আর টাকির ঐতিহ্যবাহী মাটি দিয়েই ফুটে উঠছে তার নিখুঁত মৃন্ময়ী শিল্প। শেষ মুহূর্তে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা পৌঁছানোর পালা।
স্বপ্ন দেশের সীমানা পেরিয়ে
শৈশব থেকেই দীপন ইছামতির শতাব্দী প্রাচীন বিসর্জনের ঐতিহ্য এবং দুই বাংলার মিলনমেলার গল্প শুনে বড় হয়েছেন। আজ সেই ঐতিহ্যের সঙ্গেই মিশে যাচ্ছে তার শিল্পীসত্ত্বা।
তরুণ এই শিল্পীর আশা, একদিন তার হাতে গড়া প্রতিমা দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের পুজো মণ্ডপেও ঠাঁই পাবে। দীপনের এই একাগ্রতা ও অধ্যবসায় অনেক তরুণ-তরুণীর কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে। তাঁর হাতের ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠছে টাকির প্রতিমা শিল্পের ঐতিহ্য।