শুটিংয়ে লাঠি হাতে সপাং! সহ-অভিনেতাকে সত্যিই মেরেছিলেন জয়া বচ্চন? ফাঁস করলেন দীনেশলাল যাদব

বলিউডে জয়া বচ্চনের তিরিক্ষি মেজাজের কথা প্রায় সবারই জানা। পান থেকে চুন খসলেই তিনি রেগে যান বলে গুঞ্জন রয়েছে। এবার সেই রাগেরই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেতা দীনেশলাল যাদব, যিনি নিরাহুয়া নামে বেশি পরিচিত। তিনি জানালেন, একটি ছবির শুটিংয়ে জয়া বচ্চন তাঁকে সত্যি সত্যিই লাঠি দিয়ে মেরেছিলেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীনেশলাল যাদব এই ঘটনা ফাঁস করেন। তিনি ভোজপুরি ছবি ‘গঙ্গাদেবী’তে জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন।
দীনেশলাল জানান, অমিতাভের সঙ্গে শুটিংয়ের ফাঁকে তাঁর রসিকতা চলত, কিন্তু “জয়াজিকে আমি একটু ভয়ই পেতাম।” এরপরই তিনি আসল ঘটনাটি বলেন।
“এই ছবিতে জয়া বচ্চন আমার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমায় একটা দৃশ্য ছিল, আমি আমার স্ত্রীর গালে চড় মেরেছি। আর সেই কারণে জয়া বচ্চন আমাকে মারবেন। এই দৃশ্যের শুটিংয়েই জয়াজি আমাকে সত্যি সত্যি লাঠি দিয়ে মেরেছিলেন। আমি খুব অবাক হয়েছিলাম ওঁর এমন কাণ্ডে।”
অবশ্য পরে জয়া বচ্চন নিজেই দীনেশকে বলেছিলেন, বিষয়টি নিয়ে কিছু মনে না করতে। তবে এই অভিজ্ঞতার কথা তিনি এখনও ভুলতে পারেননি।
দীনেশের কথায়, “আসলে জয়াজি এবং অমিতাভজি এত বড় অভিনেতা যে তাঁদের ওই মারও আমার কাছে আশীর্বাদের মতো।”