যে বয়সে কথা ফোটে না, সেই বয়সেই গীতার শ্লোক ও সরস্বতী মন্ত্র! রেকর্ড গড়ল বর্ধমানের খুদে

প্রতিভা যে কোনও বয়স দেখে হয় না, তার জলজ্যান্ত উদাহরণ তৈরি করেছে পূর্ব বর্ধমানের কালনার নান্দাই গ্রামের বাসিন্দা রাজন্য পাল (Rajanyo Pal)। বয়স তার মাত্র আড়াই বছর। যে বয়সে অনেক শিশুই ভালোভাবে কথা বলতে শেখেনি, সেই বয়সেই রাজন্য এমন এক রেকর্ড গড়েছে যা সকলকে হতবাক করে দিয়েছে।

মাত্র ২ বছর ১ মাস বয়সেই এই খুদে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ (India Book of Records) নাম তুলে ফেলেছে এবং একই সঙ্গে ‘আইবিআর অ্যাচিভার’ উপাধি লাভ করেছে।

পূর্ব বর্ধমানের কালনার নান্দাই পঞ্চায়েতের আইমা পাড়ার বাসিন্দা রাজন্য কী এমন করেছে? তার অবিশ্বাস্য কৃতিত্বগুলো একনজরে দেখে নিন:

মাত্র এটুকু বয়সে সে সরস্বতী মন্ত্র এবং ভগবদ গীতার একটি শ্লোক আবৃত্তি করতে পারে।

সে মোট ১৩টি বাংলা ও ২টি ইংরেজি ছড়া আবৃত্তি করতে সক্ষম।

সে ১৮টি প্রাণী ও ৬টি পাখির নাম ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে পারে।

খুদে রাজন্য শরীরের ১২টি অঙ্গ, ৫০টি প্রাণী এবং ১০টি সবজি সহজেই চিহ্নিত করতে পারে।

এটুকু বয়সে এমন তীক্ষ্ণ স্মৃতিশক্তি ও বহুমুখী প্রতিভা সত্যিই বিরল। সন্তানের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি রাজন্যের বাবা ও মা। তাঁদের একরত্তি সন্তান যে এত কম বয়সে জাতীয় স্তরের স্বীকৃতি পাবে, তা হয়তো তাঁরা কল্পনাও করতে পারেননি।