‘টাইগার কে?’- ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের অদ্ভুত জবাব শাহীন আফ্রিদির, ভাইরাল পাক পেসারের মন্তব্য

এশিয়া কাপে ভারত-পাকিস্তান (IND vs PAK Asia Cup 2025) ম্যাচের উত্তেজনা যখন চরমে, সেই সময় আরও একটি ভারত-পাক মহারণের সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। সুপার ফোরে ভারত ইতিমধ্যেই তাদের অবস্থান প্রায় পাকা করে ফেলেছে। অন্যদিকে, শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। আজই সুপার ফোরের মঞ্চে একে অপরের মুখোমুখি হবে দুই দল— বাংলাদেশ এবং পাকিস্তান।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি (Shaheen Afridi) এক মজার প্রশ্ন ছুঁড়ে দিলেন, যা নিয়ে নেট দুনিয়ায় হাসির রোল পড়ে গিয়েছে।

সম্প্রতি এশিয়া কাপের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহীন আফ্রিদি। সেখানেই এক পাকিস্তানি সাংবাদিক তাঁকে ‘বাংলাদেশ টাইগারদের’ বিরুদ্ধে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করতে গেলে আফ্রিদি অবাক হয়ে বলে ওঠেন, “টাইগার কে?”

তাঁর দৈহিক আচরণ দেখে মনে হচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট দলের পোশাকি নাম যে ‘টাইগার’, সেটা তিনি হয়তো জানতেন না। পরে অবশ্য, সাংবাদিক যখন গোটা বিষয়টি খোলসা করেন, তখন পাক তারকা হেসে বলেন, “ও আচ্ছা! সরি।” শাহীন আফ্রিদির এই মন্তব্য এবং তাঁর অভিব্যক্তি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সুপার ফোরের দুই ম্যাচের দুটিতেই জিতে ফাইনালের টিকিট একপ্রকার নিশ্চিত করে ফেলেছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। যদিও আগামীকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার।

এদিকে, ভারত কাছে পরপর দুই ম্যাচ হারলেও, শ্রীলঙ্কাকে হারিয়ে এখনও ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রেখেছে পাকিস্তান। হিসেব বলছে, আজ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তান যদি জিতে যায়, সেক্ষেত্রে এশিয়া কাপের ফাইনালে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হবে এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে, যদি এর উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ বাংলাদেশের কাছে পাকিস্তান হেরে যায়, সে ক্ষেত্রে সলমান আলি আঘার দলের জন্য ফাইনালের সমীকরণ জটিল ধাঁধায় পড়ে যাবে।