বিয়ে নয়, বাবা হতে চান সলমন খান! কবে পূরণ হবে সেই ইচ্ছা? ফাঁস করলেন অভিনেতা নিজেই

৫৯ বছর বয়সী বলিউড তারকা সলমন খান এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ে না করলেও তিনি বাবা হতে চান এবং সেই ইচ্ছা শীঘ্রই পূরণ করবেন। কাজল ও টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এ এসে এই কথা বলেন তিনি। শো-তে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আমির খানও।
সলমন খান শো-তে তাঁর পুরনো সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং জোর দিয়েছেন যে পার্টনারদের একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত। তিনি বলেন, “যখন একজন পার্টনার অন্যজনের থেকে বেশি এগিয়ে যায়, তখন তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়। তখন নিরাপত্তাহীনতার অনুভূতি জন্মায়। তাই তাদের একসঙ্গে এগিয়ে যাওয়া উচিত। দুজনেরই একে অপরের বোঝা কমানো উচিত।”
নিজের সম্পর্কের ব্যর্থতা নিয়ে প্রশ্ন করা হলে সলমন নিজেকেই দোষারোপ করেন। তিনি বলেন, “সম্পর্কটা জমেনি তো জমেনি। যদি কাউকে দোষ দিতেই হয়, তবে আমি নিজেকেই দোষ দিই।” এরপরই তিনি বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করে জানান, “একদিন আমার সন্তান অবশ্যই হবে। শীঘ্রই। শেষে সন্তান তো হবেই। দেখা যাক ভবিষ্যতে কী হয়।”
‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে কাজ করা সত্ত্বেও একসময় সলমনকে পছন্দ করতেন না আমির খান। শো-তে আমির সেই প্রসঙ্গে মুখ খোলেন। তিনি জানান, শুটিংয়ের সময় সলমনকে তিনি সময়নিষ্ঠ নন বলে ভাবতেন এবং তাঁর প্রতি তিনি খুব কঠোর বা জাজমেন্টাল ছিলেন।
কিন্তু তাঁদের বন্ধুত্ব মজবুত হয় এক কঠিন সময়ে। আমির বলেন, “যখন আমি আমার প্রথম স্ত্রী রিনার সঙ্গে ডিভোর্সের সমস্যায় ভুগছিলাম, তখন সলমন প্রথমবার আমার বাড়িতে আসে। সেই দিন থেকেই আমাদের বন্ধুত্ব আরও মজবুত হয়।”
উল্লেখ্য, ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার সন্তোষী পরিচালিত ‘আন্দাজ আপনা আপনা’ ছবিটি সেই সময় বক্স অফিসে ফ্লপ হলেও, আজ এটি বলিউডের অন্যতম কাল্ট কমেডি ছবি হিসেবে গণ্য হয়।