লন্ডনে মেয়ে, তবুও ট্রেনে মিষ্টি বিক্রি করছেন ৮০-র বৃদ্ধ! ভাইরাল হতেই সাহায্যের হাত বাড়ালেন অনিল আগরওয়াল

চেন্নাইয়ের লোকাল ট্রেনে গত কয়েক দিন ধরে যাত্রীরা এক হৃদয়বিদারক দৃশ্য দেখছেন। আনুমানিক আশির কোঠার এক বৃদ্ধ, ধীর পায়ে ট্রেনের কামরায় হেঁটে হেঁটে বিক্রি করছেন স্ত্রীর হাতে বানানো মিষ্টি ও পোলি। বয়সের ভারে নুয়ে পড়লেও জীবনের সঙ্গে তাঁর এই অদম্য লড়াইয়ের দৃশ্য সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।
ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী জানা যায়, বৃদ্ধার বয়সও সত্তরের গণ্ডি পেরিয়েছে। ঘরেই মিষ্টি বানান তিনি, আর সেই মিষ্টি বৃদ্ধ স্বামী বিভিন্ন ট্রেনে চেপে যাত্রীদের কাছে বিক্রি করেন। এইভাবেই দিন চলে এই জীবনসংগ্রামী দম্পতির। তবে আরও আশ্চর্যের বিষয় হল, তাঁদের মেয়ে থাকেন লন্ডনে। তবুও বাবা-মা একা, নিঃসঙ্গ জীবনযুদ্ধে মাটি আঁকড়ে দিন গুজরান করছেন।
মিষ্টি কেনা এক যাত্রী আবেগপ্রবণ হয়ে লেখেন, “মিষ্টিগুলো খেয়ে বুঝেছি, এতে স্বাদ যতটা না আছে, তার থেকেও অনেক বেশি তাঁদের ভালোবাসা, পরিশ্রম আর বেদনা মেশানো আছে প্রতিটি কামড়ের মধ্যে।”
এই করুণ কাহিনি ভাইরাল হতেই আবেগে আপ্লুত হয়ে পড়েন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগরওয়াল। তিনি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে লেখেন, “এটা অত্যন্ত হৃদয়বিদারক। অনুগ্রহ করে খোঁজ নিন এবং সাহায্য করুন ওঁদের।” তাঁর এই আহ্বানের পর বহু নেটিজেন ওই দম্পতির পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন।
এদিকে, প্রোডাক্ট স্ট্র্যাটেজিস্ট মনিকা জাসুজা প্রশ্ন তুলেছেন, “কী ধরনের সন্তান ইনি? এই বয়সে বাবা-মা-কে একা ফেলে রাখতে পারে?” তিনি ট্রেনযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন, শুধুমাত্র মিষ্টি কিনেই নয়, এই জীবনসংগ্রামী মানুষের নেপথ্যের গল্পটি যেন সবাই জানেন। বৃদ্ধ যে মিষ্টি বিক্রি করছেন, তাতে মিশে আছে এক বিরাট জীবনযুদ্ধ, ভালোবাসা, আর অন্ধকারে আলো খোঁজার নিরন্তর প্রচেষ্টা।