উধমপুরে জইশ জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার! ঘিরে ফেলা হয়েছে ৩-৪ জন জঙ্গিকে, কী হচ্ছে কাশ্মীরজুড়ে?

জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। শুক্রবার ভোরে দুদু-বসন্তগড়ের দুর্গম পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাবাহিনী, পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপের (SOG) যৌথ অভিযানে জইশ-ই-মহম্মদের (JeM) ৩ থেকে ৪ জন জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। এই অভিযানে এক সেনা জওয়ান আহত হয়েছেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয় গভীর রাতে। নিরাপত্তা বাহিনী তল্লাশি শুরু করলে ভোরবেলা জঙ্গিদের সঙ্গে তাদের এনকাউন্টার হয়। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, “ডোডা-উধমপুর সীমান্তে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে এবং অভিযান চলছে।”

এই অঞ্চলটি গত এক বছরে একাধিক সংঘর্ষের সাক্ষী হয়েছে। গত জুনে এই এলাকার জঙ্গলে এক শীর্ষ জইশ কমান্ডার নিহত হয়েছিল। এছাড়াও এপ্রিলে একই স্থানে এক সেনা জওয়ান শহীদ হয়েছিলেন।

অন্যদিকে, কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা শ্রীনগর, বারামুলা, অনন্তনাগ, কুপওয়ারা, হান্দওয়ারা, পুলওয়ামা ও শোপিয়ান— এই সাতটি জেলায় একযোগে তল্লাশি চালিয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, ডিজিটাল ডিভাইস এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, পুঞ্চ সেক্টর থেকে ২০টি চীনা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হওয়া। গোয়েন্দাদের ধারণা, এই অস্ত্রগুলো সম্প্রতি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং জঙ্গি হামলার জন্য ভেতরের জেলাগুলোতে পাচার করার ছক কষা হচ্ছিল। সময় মতো তথ্য পাওয়ায় একটি বড়সড় নাশকতা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় সমগ্র উপত্যকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।