নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম! আদালত কক্ষে হলোটা কী?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া। নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি- এই তিনটি মামলার শুনানি শুরু হয়েছে আলিপুরস্থ সিবিআইয়ের বিশেষ আদালতে। বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে।
প্রথম দিনের শুনানিতেই আদালতের নজর ছিল বিশেষ সাক্ষীর দিকে। সিবিআইয়ের বিশেষ সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। তিনি ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ২০১৩ সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। চিত্তরঞ্জন মণ্ডল আদালতে জানিয়েছেন, তাকে অবৈধ নিয়োগের জন্য চাপ দেওয়া হয়েছিল। তিনি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মুকুল রায়ের নাম উল্লেখ করে বলেছেন, তারাই তাকে বেআইনি নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন।

তবে, তিনি বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই মামলায় ক্লিনচিট দিয়েছেন। চিত্তরঞ্জন মণ্ডল জানান, ২০১৩ সালে তিনি কোনো কারণ না দেখিয়েই পদত্যাগ করেন।

আদালতে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলার প্রথম দিনেই পার্থ ও মুকুলের নাম ওঠায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই মামলার পরবর্তী ধাপগুলো এখন সবার নজরে।

এদিন শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও উঠে আসে। চিত্তরঞ্জন মণ্ডল জানান, তিনি মুখ্যমন্ত্রীর কথায় দায়িত্ব পেয়েছিলেন। এর পরেই বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানান। তবে, আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়, তা এখনো স্পষ্ট নয়। এই মামলার ভবিষ্যৎ কোন দিকে যায়, এখন সেটাই দেখার।