টোটো চালকের বিরুদ্ধে হাজার অভিযোগ, ব্যতিক্রমী রথীকান্ত, সততায় মুগ্ধ পুলিশ, পুরস্কার পেলেন লক্ষাধিক টাকা

হাওড়া শহর ও গ্রামীণ অঞ্চলে টোটোর বাড়াবাড়ি ও চালকদের অভব্য আচরণ নিয়ে অভিযোগের শেষ নেই। তবে তারই মধ্যে এক ব্যতিক্রমী টোটো চালকের সততায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করেছে হাওড়া জেলা পুলিশ। সেই চালকের নাম রথীকান্ত সাঁতরা, যিনি পুলিশের সাহায্যে এক অসাধ্যসাধন করতে পেরেছেন।
গত ৯ সেপ্টেম্বর আমতা গ্রামীণ হাসপাতাল থেকে ১২ দিনের এক সদ্যোজাত শিশু চুরি হয়ে যায়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়। তদন্তে নেমে পুলিশের হাতে একটি মাত্র সিসিটিভি ফুটেজ ছিল, যেখানে এক মহিলাকে শিশুটিকে নিয়ে একটি টোটোতে উঠতে দেখা যায়। পুলিশ সেই ফুটেজ দ্রুত বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়।
সততার পুরস্কার
ভাইরাল হওয়া সেই ভিডিও ফুটেজ দেখে টোটোচালক রথীকান্ত সাঁতরা ওই মহিলাকে চিনতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানান যে, ওই মহিলাকে শিশুসহ তিনিই আমতার মিল্কি চক এলাকায় পৌঁছে দিয়েছিলেন।
পুলিশ দ্রুত রথীকান্তের সাহায্য নিয়ে ওই গ্রামে পৌঁছায় এবং শিশুটিকে উদ্ধার করে। সেইসঙ্গে মহিলাটিকেও শনাক্ত করে গ্রেফতার করে। এই স্পর্শকাতর ঘটনায় পুলিশকে সাহায্য করার জন্য বৃহস্পতিবার হাওড়া জেলা পুলিশের পুলিশ সুপার সুবিমল পাল রথীকান্তকে পুরস্কৃত করেন। এই ঘটনা টোটো চালকদের সম্পর্কে প্রচলিত দুর্নাম কিছুটা হলেও ঘোচাতে পারে। রথীকান্তের এই সততা ও সাহসকে সম্মান জানিয়েছে পুলিশ প্রশাসন।