‘ভুল তথ্য প্রচার করছে…’, রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগ, যা বললেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগের কড়া জবাব দিয়েছেন। রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে একটি কেন্দ্রীয় সফটওয়্যারের মাধ্যমে কংগ্রেসের শক্তিশালী এলাকাগুলোতে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার কর্নাটকের আলান্দ কেন্দ্রের ৬০১৮ জন ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগের পরই অমিত শাহের এই প্রতিক্রিয়া আসে। তিনি রাহুলের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ করেন।
বিহারের রোহতকে এক জনসভায় রাহুল গান্ধীকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘কংগ্রেস সব সময় ভুল তথ্য ছড়ায়। রাহুল গান্ধী একটি যাত্রার আয়োজন করেছেন যার বিষয় হলো ভোট চুরি বন্ধ করা। কিন্তু আসল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের বাঁচানো।’ তিনি আরও বলেন, ‘এটা আসলে ‘অনুপ্রবেশকারী বাঁচাও যাত্রা’। অনুপ্রবেশকারীদের কি ভোটাধিকার থাকা উচিত? তাঁদের কি চাকরি পাওয়া উচিত? দেশের যুব সমাজের বদলে রাহুল বাবা এবং তাঁর কোম্পানি সমস্ত চাকরি এই অনুপ্রবেশকারীদের দিয়ে দিচ্ছে।’
এদিকে, নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। কমিশন জানিয়েছে, অনলাইনে কারও পক্ষে ভোটারদের নাম বাদ দেওয়া সম্ভব নয়। যদিও কমিশন স্বীকার করেছে যে ২০২৩ সালের নির্বাচনে আলান্দ কেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় কমিশন এই ঘটনার তদন্তের জন্য এফআইআর দায়ের করেছিল বলেও জানায়।