ভারতের অদ্ভুত রেলওয়ে স্টেশন, যেখানে বসার বেঞ্চটিও দুই ভাগে বিভক্ত! এর পেছনে লুকিয়ে আছে এক মজার গল্প

ভারতের অন্য যেকোনো স্টেশনের মতোই দেখতে হলেও এটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই স্টেশনটি দুটি রাজ্য নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে। মহারাষ্ট্র এবং গুজরাটের সীমান্তে অবস্থিত এই স্টেশনের নাম ‘নবাবপুর’। এই স্টেশনের একটি অংশ গুজরাটে এবং অন্য অংশটি মহারাষ্ট্রে পড়েছে।
নবাবপুর স্টেশনের অদ্ভুত বিভাজন এতটাই স্পষ্ট যে, এর টিকিট কাউন্টারটি গুজরাট রাজ্যে পড়ে, যেখানে স্টেশন মাস্টারের বসার অফিসটি পড়েছে মহারাষ্ট্র রাজ্যে। যাত্রীদের বসার বেঞ্চও এই ভাগাভাগি থেকে বাদ যায়নি। এখানে বিশেষভাবে ডিজাইন করা একটি বেঞ্চ রয়েছে, যার অর্ধেক গুজরাটে এবং বাকি অর্ধেক মহারাষ্ট্রে অবস্থিত। বেঞ্চে বসার কোন অংশ কোন রাজ্যের মধ্যে পড়ে, সেটাও সেখানে লেখা থাকে। অনেক যাত্রী এখানে বসে ছবি তুলে এই মজার মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন।
সাধারণত, ভারতের সব স্টেশনের নাম হিন্দি, ইংরেজি এবং স্থানীয় ভাষায় লেখা হয়। কিন্তু এই অদ্ভুত বিভাজনের কারণেই নবাবপুর স্টেশনের নামফলকে চারটি ভাষায় নাম লেখা হয়—হিন্দি, ইংরেজি, গুজরাটি এবং মারাঠি। এই স্টেশনটি তার ভৌগোলিক এবং ভাষাগত বৈচিত্র্যের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।