৭৫ বছর ধরে বিনামূল্যে পরিষেবা, ভারতের এমন একটি ট্রেন, যা আজও যাত্রীদের থেকে টিকিট নেয় না!

ভারতের রেল ব্যবস্থা দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচিত হয়। কিন্তু আপনি কি জানেন যে, ভারতে এমন একটি ট্রেন রয়েছে যা গত ৭৫ বছর ধরে যাত্রীদের বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে? এই ট্রেনটির নাম ‘ভাখড়া ট্রেন’, যা পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সীমান্তে অবস্থিত নাঙ্গল এবং ভাখড়ার মধ্যে চলাচল করে।

১৯৪৮ সালে চালু হওয়া এই ট্রেনটি প্রাথমিকভাবে ভাখড়া-নাঙ্গল বাঁধ নির্মাণে কর্মরত শ্রমিক এবং নির্মাণ সামগ্রী পরিবহণের জন্য তৈরি করা হয়েছিল। ১৯৫৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ইঞ্জিন দিয়ে পুরোনো বাষ্পচালিত ইঞ্জিনগুলি প্রতিস্থাপিত হয়, যা গত ৭০ বছর ধরে ব্যবহার করা হচ্ছে। এই ট্রেনটির কামরাগুলি দেশ ভাগের আগে করাচির কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, এবং প্রযুক্তির আধুনিকীকরণ সত্ত্বেও সেই পুরোনো কাঠের মডেল এখনো বজায় রাখা হয়েছে। প্রতিদিন ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেনটি প্রায় ২৫টি গ্রামের পাশ দিয়ে যায় এবং প্রায় ৩০০ যাত্রী বহন করে, যার বেশিরভাগই স্কুল পড়ুয়া এবং স্থানীয় শ্রমিক।

বর্তমানে এই ট্রেনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ‘ভাখড়া বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড’ (বিবিএমবি)। ২০১১ সালে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে বিবিএমবি বিনামূল্যে পরিষেবা বন্ধ করার কথা ভেবেছিল, কিন্তু এর ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে এবং স্থানীয়দের মধ্যে ভাখড়া-নাঙ্গল বাঁধের গুরুত্ব বজায় রাখতে এই সিদ্ধান্ত থেকে সরে আসে। আজও এই ট্রেনটি বিনামূল্যে তার পরিষেবা দিয়ে যাচ্ছে, যা ভারতীয় রেলের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে।