‘নির্বাচন কমিশন এখন বিজেপির পক্ষে’-ফের বিস্ফোরক অভিযোগ কংগ্রেসের

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ নিয়ে এবার সরব হলেন কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। কলকাতায় এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ভেনুগোপালের অভিযোগ, নির্বাচন কমিশন আর নিরপেক্ষ নেই, বরং তারা ক্ষমতাসীন বিজেপি সরকারের হয়ে কাজ করছে।

বুধবার রাতে পার্লামেন্ট অ্যাকাউন্স কমিটির বৈঠকে যোগ দিতে কলকাতায় আসেন ভেনুগোপাল। বৃহস্পতিবার সারাদিন বৈঠক শেষে তিনি প্রদেশ কংগ্রেসের নেতাদের সঙ্গে একটি বিশেষ আলোচনায় বসেন। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “রাহুল গান্ধী যখনই সত্য তুলে ধরেন, বিজেপি তখনই কৌশল বদলায়। আজ সারা ভারত বিশ্বাস করে যে বিজেপি ‘ভোট চুরি’ করেছে। সবাই জানে, নির্বাচন কমিশন সরকারের পক্ষ নিয়ে স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করছে।”

এই বৈঠকে প্রদেশ কংগ্রেসের ৩৩টি সাংগঠনিক জেলার সভাপতি এবং পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির প্রায় ৭০ জন নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সি, ইশা খান চৌধুরী, শক্তি সিংহ গহিল, গোলাম আহমেদ মীর এবং আসাফ আলি খানের মতো নেতারা উপস্থিত ছিলেন। তবে উল্লেখযোগ্যভাবে, প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং প্রাক্তন বিধায়ক আব্দুল মান্নান এই বৈঠকে অনুপস্থিত ছিলেন।

সূত্র অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের দলীয় সংগঠনকে শক্তিশালী করা এবং তার বর্তমান অবস্থা পর্যালোচনা করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। ভেনুগোপাল রাজ্য নেতাদের দলের শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন।