হঠাৎ ব্রেন স্ট্রোকে সায়ন্তনী মল্লিক, স্বামীর তৎপরতায় রক্ষা, অভিনেত্রী এখন কেমন আছেন? জানালেন ইন্দ্রনীল

সম্প্রতি একটি অপ্রত্যাশিত দুর্ঘটনার শিকার হয়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। গত বুধবার সকালে হঠাৎই বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। শরীরচর্চা করার সময় আচমকা দুর্বল লাগায় তিনি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন। অভিনেত্রী স্বামী ইন্দ্রনীল মল্লিক তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, যার ফলে বড় বিপদ থেকে রক্ষা পান তিনি।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সায়ন্তনী এবং ইন্দ্রনীল একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে হাসপাতালের কেবিনে শুয়েই সায়ন্তনী সবাইকে ধন্যবাদ জানান। তার চেহারায় অসুস্থতার ছাপ থাকলেও ঠোঁটে ছিল স্মিত হাসি। যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, তাদের প্রতি তিনি অকুন্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি স্বামীর প্রশংসা করে বলেন, “ও সেদিন না থাকলে আমি বাঁচতাম না। ঈশ্বরকে ধন্যবাদ।”
আজকাল ডট ইনের পক্ষ থেকে অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত রবিবার সায়ন্তনীকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। তিনি আগের থেকে অনেকটাই ভালো আছেন। ইন্দ্রনীল বলেন, “যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল, তখন কথা বলতে সামান্য সমস্যা হচ্ছিল। এখন সেটাও স্বাভাবিক হয়ে এসেছে। বাড়িতেই হালকা হাঁটাচলা করছে এবং সম্পূর্ণ বিশ্রামে আছে।” চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন, সেগুলোর রিপোর্ট আসার পর পরবর্তী চিকিৎসা পদ্ধতি ঠিক করা হবে। ইন্দ্রনীল বলেন, তাদের শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় এবং প্রার্থনায় তারা কৃতজ্ঞ।
প্রসঙ্গত, সায়ন্তনীকে সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে দেখা গিয়েছিল, যার শুটিং কিছুদিন আগেই শেষ হয়েছে। আপাতত, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন।