“বাংলাকে চালাবে বাংলাই, গুজরাট বানাতে দেবো না!”-ফের বিজেপিকে তোপ মমতার

বাংলাকে ওরা গুজরাট বানাতে চায়’— বুধবার জলপাইগুড়ির সভা থেকে এই ভাষাতেই বিজেপি এবং নরেন্দ্র মোদী-অমিত শাহকে সরাসরি নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বার্তা দিলেন, “বাংলাকে চালাবে বাংলাই, দিল্লি নয়।”
গত বিধানসভা নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগানে বিপুল সাফল্য পেয়েছিল তৃণমূল। এবার একই রকম ‘বাঙালি অস্মিতা’কে কেন্দ্র করে মমতা নতুন স্লোগান তৈরি করেছেন: ‘বাংলাকে চালাবে বাংলাই’। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই স্লোগান খুবই তাৎপর্যপূর্ণ।
জলপাইগুড়িতে এক সরকারি পরিষেবা প্রদান সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি ও বাংলাভাষীদের ওপর নির্যাতন করা হচ্ছে। তিনি বলেন, “বাংলা বললে কেন অত্যাচার করবে তোমরা? দেশটা কি তোমাদের একার? বাংলা কি এ দেশের বাইরে?” তিনি আরও যোগ করেন, “আমি বলব, বেশি করে মাতৃভাষায় কথা বলুন। সাহস কম না! অসম থেকে আলিপুরদুয়ার-জলপাইগুড়িতে নোটিস দিচ্ছে! আমরা মাতৃভাষায় কথা বলব। আর অন্য ভাষাকেও সম্মান করব।”
মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলায় শাসন ক্ষমতা দখল করতে না পেরে অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, “তোমরা কান খুলে শুনে রাখো, এ ভাবে বাঙালিদের রোখা যাবে না। বাংলা এগিয়ে যাবেই।”
ভিন রাজ্যে নির্যাতিত হয়ে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইতিমধ্যেই ২৪ হাজার পরিযায়ী শ্রমিক পরিবারকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের প্রত্যেককে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধাও দেওয়া হচ্ছে। তাদের জন্য কাজের ব্যবস্থা করার কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কী অপরাধ বাংলার? বাংলাকে কন্ট্রোল করা যাবে না তাই। ওরা বাংলাকে গুজরাটে পরিণত করতে চায়। আমরা তা হতে দেবো না।”
এই মন্তব্যের জবাবে এক বিজেপি নেতার কটাক্ষ, “বাংলাকে উনি ও ওঁর সরকার যে জায়গায় নিয়ে যাচ্ছেন, তার জন্যই এ রাজ্যের বহু মানুষকে বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে। আগে নিজেদের দিকে তাকালে উনি ভালো করতেন।”