নেপালে গিয়ে বিপদে পড়েছেন কেউ? পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর জানাল পুলিশ

নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি হওয়া ভয়ঙ্কর পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু ভারতীয় পর্যটক, যাদের মধ্যে অধিকাংশই বাঙালি। এই দুঃসময়ে তাঁদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। আটকে পড়া পর্যটকদের সাহায্যের জন্য তারা একটি জরুরি হেল্পলাইন চালু করেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে জানানো হয়েছে, নেপালে আটকে থাকা পর্যটকরা যেকোনো প্রয়োজনে ৯১৪৭৮৮৯০৭৮ নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে একটি ল্যান্ডলাইন নম্বরও দেওয়া হয়েছে: ০৩৫৪-২২৫২০৫৭।

পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে যে, যারা নেপাল থেকে দেশে ফিরতে চাইছেন, তারা যেন পশুপতি চেকপোস্ট ব্যবহার করেন।

নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগে থেকেই ছিল। সম্প্রতি সরকার ফেসবুক, ইউটিউব ও এক্স-সহ ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। ক্ষুব্ধ তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়। তবে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে দিলে সেনাবাহিনীও নামানো হয়। সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ২২ জন বিক্ষোভকারী নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

এই অশান্ত পরিস্থিতিতে ভারতীয় পর্যটকরা চরম আতঙ্কে রয়েছেন। ভারতীয় ভলিবল খেলোয়াড় উপাসনা গিল, যিনি খেলার জন্য নেপালে গিয়েছিলেন, তিনি দ্রুত উদ্ধারের জন্য ভারতীয় দূতাবাসের কাছে আবেদন জানিয়েছেন। ভারতীয় বিদেশমন্ত্রক ইতিমধ্যেই নেপালে থাকা নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, সূত্রের খবর অনুযায়ী, নয়াদিল্লি থেকে ভারতীয় বায়ুসেনার দুটি বিমান নেপালে পাঠানোর প্রস্তুতি চলছে। আটকে থাকা পর্যটক ও খেলোয়াড়-সহ অন্যান্য নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য নেপালের সেনাবাহিনীর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস।