এই বিশ্বে সবার সমান অধিকার রয়েছে! ভারত, চিনের উদাহরণ দিয়ে ট্রাম্পকে কড়া বার্তা পুতিনের?

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন আর একটি দেশের হাতে সীমাবদ্ধ নয়। রাশিয়া, ভারত ও চীনের মতো দেশগুলোর উত্থান নিয়ে সম্প্রতি ফের একবার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ‘একমেরু বিশ্বের’ দিন শেষ হয়েছে, কারণ বিশ্বে কোনো একক ক্ষমতাধর দেশের আধিপত্য থাকা উচিত নয়। বরং একটি বহুজাতিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা দরকার, যেখানে সকল দেশের সমান অধিকার থাকবে।
চার দিনের চীন সফরের পর পুতিন একটি সাংবাদিক সম্মেলনে বলেন, ভারত ও চীনের মতো দেশগুলো অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে। এর পাশাপাশি ক্রয়ক্ষমতার দিক থেকে রাশিয়াও বিশ্বের শীর্ষ চারটি অর্থনীতির মধ্যে রয়েছে। এই বাস্তবতায় কোনো একটি নির্দিষ্ট দেশের হাতে রাজনীতি বা বিশ্ব নিরাপত্তার রাশ থাকা উচিত নয়।
পুতিন বলেন, “একমেরু বিশ্বের মডেলটি অন্যায্য ও পুরানো। এটি বন্ধ হওয়া উচিত।” তিনি জোর দিয়ে বলেন, একটি নতুন ‘বহুমেরু বিশ্বে’ কোনো দেশের আধিপত্য থাকা উচিত নয়। ব্রিকস বা এসসিও-র মতো জোটগুলো এমন একটি ন্যায্য আন্তর্জাতিক সম্পর্কের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
পুতিনের এই মন্তব্যকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে একটি প্রচ্ছন্ন সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারতকেও মার্কিন শুল্ক নীতির কারণে অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে রাশিয়ার অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।
পুতিন তার চীন সফরকে “অত্যন্ত ইতিবাচক” বলে বর্ণনা করেন। তিনি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার অনানুষ্ঠানিক কথোপকথনের কথাও উল্লেখ করেন। পুতিন জানান, তিনি মোদিকে ট্রাম্পের সঙ্গে তার আলাস্কার বৈঠকের বিষয়েও বলেছিলেন।