বিধায়কের কনভয়ের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর, ক্ষোভ উগরে দিল মৃতের পরিবার!

ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয়ের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার কলকাতায় আসার পথে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পাইলট কারের চালক প্রদীপ হালদারকে গ্রেফতার করা হবে।
মঙ্গলবার সকালে বিধায়ক শওকত মোল্লার কনভয় যখন কলকাতায় আসছিল, তখন পাইলট কারটির অ্যাক্সেলারেটর ভেঙে যায়। এরপর গাড়িটি সামনে থাকা একটি মোটরবাইককে ধাক্কা মারে। বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিন গুরুতর আহত হন। জানা গেছে, দুর্ঘটনার সময় বিধায়কের গাড়ি অল্পের জন্য রক্ষা পায়। ধাক্কার ফলে মোটরবাইকটি এবং পাইলট কারের সামনের অংশ পুরোপুরি ভেঙে যায়।
পাইলট কারের চালক প্রদীপ হালদার নিজে এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি সুস্থ হওয়ার পর তাকে গ্রেফতার করা হবে। পুলিশ সূত্রে জানা গেছে, যে পাইলট কারটি দুর্ঘটনার জন্য দায়ী, সেটির রেজিস্ট্রেশন মোটর ভেহিক্যালস ডিপার্টমেন্ট এক বছর আগেই বাতিল করেছিল। এই বাতিল হওয়া গাড়ি কীভাবে রাস্তায় চলছিল, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তা খতিয়ে দেখছে।
এই খবর পাওয়ার পর মৃতের পরিবারে শোকের ছায়া নেমে আসে। মৃতের স্ত্রী এবং শ্যালিকা বিধায়ক শওকত মোল্লার ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। মৃতের স্ত্রী বলেন, “ওঁকে বলুন আমার স্বামীকে ফিরিয়ে দিতে। আমার ছোট ছোট বাচ্চারা তাদের বাবার জন্য অপেক্ষা করবে। উনি তো খুব আস্তে গাড়ি চালান, হেলমেট ছাড়া গাড়ি চালান না।” শ্যালিকা বলেন, “এত কীসের জরুরি অবস্থা ছিল যে বিধায়ককে মেরে দিয়ে যেতে হল! আমরা ছাড়ব না। এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে?”