রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’-র সেরা প্রাপ্তি শাহরুখ

ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত দারুণ ব্যবসা করছে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির প্রথম তিন দিনেই একশো কোটির ক্লাবে ঢুকে পড়েছে অয়ন মুখার্জীর এই ছবি, যা বড় প্রাপ্তি পুরো টিমের কাছে। তবে এই ছবির বিষয়বস্তু খুব বেশি পছন্দ হচ্ছে না দর্শকদের, কারণ অনেকের মধ্যেই ‘ব্রহ্মাস্ত্র’র চিত্রনাট্যের বাঁধন বড্ড আলগা। তবে চকচকে ভিএফএক্সে নিজেদের ছবির খামতি কিছুটা হলেও ঢাকতে সফল রণবীর-আলিয়ারা।

এই ছবিতে রণবীর-আলিয়ার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুনরা। তবে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেও উজ্জ্বল শাহরুখ খান। এই ছবিতে মোহন ভার্গভ নামের এক প্রথিতযশা বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন ‘বাদশা’। ছবিতে শাহরুখ ক্যামিও চরিত্রে থাকবেন সেটা কারোর অজানা ছিল না, তবে ছবির শুরুটাই যে শাহরুখকে দিয়ে সেটা কেউ আশা করেননি।

আর এই টুইস্টেই মন জিতে নিলেন এসআরকে। ছবির একদম শুরুতেই শাহরুখ খানের দেখা মিলল মোহনের বেশে। দুর্দান্ত অভিনয় আর ফাটাফাটি অ্যাকশনে তাক লাগালেন শাহরুখ।

প্রসঙ্গত, এর আগে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ ছবিতে শাহরুখের চরিত্রের নাম ছিল মোহন, স্বভাবতই নস্টালজিয়ায় ভাসছেন অভিনেতার ফ্যানরা। ‘স্বদেশ’ ছবির সহকারী পরিচালক ছিলেন অয়ন।

অন্ধকারের রানি জুনুন (মৌনি রায়) এবং তার দুই সহকারীর সঙ্গে মারকাটারি অ্যাকশন করতে দেখা গিয়েছে শাহরুখকে।

একদিকে যেমন শাহরুখের লুকের প্রশংসা হয়েছে, তেমনই এক ভক্ত লেখেন- ‘শাহরুখ খান ছাড়া এই চরিত্রে আর কাউকে মানাত না।’ ভিএফএক্স সর্বস্ব এই ছবির গ্ল্যামার অনেকটা বাড়িয়ে দিয়েছে শাহরুখের উপস্থিতি। যদিও শাহরুখের চরিত্রটির মৃত্যু দেখানো হয়েছে এই ছবিতে যা মন ভেঙেছে অনুরাগীদের। তবে এই ছবির দ্বিতীয় কিস্তিতে ফ্ল্যাশব্যাক দেখানো হবে বলে ধারণা অনেকের, সেই গল্পে শাহরুখ গুরুত্বপূর্ণ অংশ জুড়ে থাকবেন বলেই আশা ফ্যানদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *