সেপ্টেম্বরেই সব থেকে বেশি ডেঙ্গি সংক্রমণ! স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বাড়ছে রোগীদের ভিড়

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পুজোর আগেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছিল ৮ হাজারের ঘরে। জানা গিয়েছে, ২০১৭ থেকে ২০২১ এই ৫ বছরের মধ্যে ২০১৯ বাদ দিলে, সেপ্টেম্বরের গোড়ায় ডেঙ্গি সংক্রমণের প্রকোপ এ বছরই সব থেকে বেশি।
তবে শুধু কলকাতা বা উত্তর ২৪ পরগনা নয়, মশাবাহিত রোগ ছড়াচ্ছে জেলাগুলোতেও। যা ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের। এক চিকিৎসক জানিয়েছে, কয়েক পশলা বৃষ্টি এই পরিস্থিতির একটা বড় কারণ। গোটা রাজ্যে ডেঙ্গু নিয়ে আতঙ্ক বাড়ছে মানুষের।
উল্লেখ্য, ৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৪ জন। এরই মাঝে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের কাছে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের একাধিক জেলায় বেড়েছে ডেঙ্গির দাপট। শেষ ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪০ জন। কলকাতার পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বাড়ছে জ্বরের উপসর্গ নিয়ে রোগীদের ভিড়।