“অনেক প্লেয়ার যোগ্য, কিন্তু..?”-দল বাছাইয়ে করা হোক লাইভ স্ট্রিমিং, দাবি তুললেন বাংলার মন্ত্রী

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। তার দাবি, ভারতীয় দলের নির্বাচক কমিটির মিটিং সরাসরি সম্প্রচার করা হোক, যাতে সবাই বুঝতে পারে কেন কিছু খেলোয়াড়কে বাদ দেওয়া হলো এবং অন্যদের সুযোগ দেওয়া হলো।
শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া, আর শুভমান গিলকে সহ-অধিনায়ক করার মতো কিছু সিদ্ধান্ত নিয়ে মনোজ তিওয়ারি প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “যোগ্য অনেক খেলোয়াড়ই দলে সুযোগ পায় না। এই কারণেই আমি অনেকদিন ধরে বলছি, এই নির্বাচনী মিটিংগুলো সরাসরি দেখানো হোক।” তিনি মনে করেন, এতে ক্রিকেটপ্রেমীরা দল নির্বাচনের কারণ জানতে পারবেন। শুধু সাংবাদিক সম্মেলনে দু-চারটে কথা বলা আর কাজের সময় অন্যকিছু করাটা সঠিক নয়।
হেড কোচ গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন
মনোজ তিওয়ারি নতুন হেড কোচ গৌতম গম্ভীরের একটি পুরনো সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেন, “গম্ভীর একসময় বলেছিলেন, যশস্বী জয়সওয়ালকে টি-টোয়েন্টি থেকে বাদ দেওয়ার কোনো মানেই হয় না। অথচ এখন উনি নিজে কোচ হতেই যশস্বীর দলে জায়গা হচ্ছে না।”
তিনি আরও বলেন, “শ্রেয়স আইয়ারের সাম্প্রতিক আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দারুণ ছিল। যেভাবে সে আইপিএলে নেতৃত্ব দিয়েছে, তাতে তাকে বাদ দেওয়ায় সবাই অবাক হয়েছে।”
আগারকরের জবাব
শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকর বলেন, “যশস্বীর বিষয়টা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা দেখেছি অভিষেক শর্মা দারুণ খেলেছে, আর সে বলও করতে পারে, যা একজন অধিনায়কের জন্য খুব সহায়ক। শ্রেয়সের ক্ষেত্রেও বলতে পারি, এই বাদ পড়ায় তার কোনো দোষ নেই। কিন্তু আমরা মাত্র ১৫ জনকেই দলে নিতে পারি।”