OMG! দাউ দাউ করে জ্বলছে চলন্ত বাস, প্রাণভয়ে দৌড়ে নামলেন আতঙ্কিত যাত্রীরা

মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত দোহালমোড় এলাকায় সোমবার একটি যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে যায়। বহরমপুর থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল বাসটি। এই আকস্মিক ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দোহালমোড় এলাকায় আসার সময় বাসের পিছনের দিক থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। দ্রুত তা ছড়িয়ে পড়ে বাসের ভেতরে। চালক দ্রুত বাসটি রাস্তার পাশে থামিয়ে দেন। এরপরই যাত্রীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে বাস থেকে নেমে আসেন।
এই ঘটনায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। যদিও কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, যাত্রীরা গুরুতর আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে ভিড় করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।