স্বাধীনতা দিবসে মহিলাদের জন্য বিশেষ উদ্যোগ HDFC মিউচুয়াল ফান্ডের

ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড একটি নতুন উদ্যোগ নিয়েছে। তারা ‘বারনি সে আজাদী’-র পঞ্চম সংস্করণ চালু করেছে, যা বিশেষভাবে মহিলাদের সঞ্চয় এবং বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানির কর্তাব্যক্তিরা বলছেন, এই ফান্ডটি মহিলাদের আর্থিক স্বাধীনতা দেবে এবং তাদের প্রথাগত সঞ্চয়ের বাইরে গিয়ে বিনিয়োগ করার সুযোগ করে দেবে।
‘স্বপ্ন করো আজাদ’ প্রচারাভিযান:
এই উদ্যোগের অংশ হিসেবে একটি ছোট সিনেমা তৈরি করা হয়েছে, যার নাম ‘স্বপ্ন করো আজাদ’। এই সিনেমায় একটি মেয়ের চোখ দিয়ে তার মায়ের কঠোর পরিশ্রম এবং অল্প অল্প সঞ্চয়ের গল্প দেখানো হয়েছে। সিনেমাটিতে দেখানো হয়েছে, কীভাবে একজন মা গৃহস্থালীর সব দায়িত্ব সামলে একটি সিআইপি-তে বিনিয়োগ করেন এবং সেই জমানো টাকা দিয়ে একদিন নিজের একটি বুটিক খোলেন। এর মাধ্যমে দেখানো হয়েছে যে সঠিক পরিকল্পনা এবং সামান্য সঞ্চয় দিয়েও কীভাবে জীবনের বড় স্বপ্নগুলো পূরণ করা যায়।
এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এমডি ও সিইও নবনীত মুনোট বলেন, “গত চার বছর ধরে ‘বারনি সে আজাদী’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। এই নতুন ফান্ডটি প্রচলিত সঞ্চয়ের ধারণার বাইরে গিয়ে জীবন পরিবর্তনের নতুন বিকল্পের সন্ধান দেয়।”
পথনাটকের আয়োজন:
৭৯তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এইচডিএফসি মিউচুয়াল ফান্ড দেশজুড়ে ৭৯টি স্থানে পথনাটকের আয়োজন করেছে। এর মূল উদ্দেশ্য হলো গ্রামীণ ও শহরাঞ্চলের মহিলাদের মধ্যে বিনিয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের মাধ্যমে কোম্পানিটি মহিলাদের আর্থিক ক্ষমতায়ন এবং স্বাধীনতা নিশ্চিত করতে চায়।