রেড রোডে অসুস্থ ৩৯ জন শিশু, বর্তমানে কেমন আছে তারা? জানালেন মমতা

প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে বিশেষ কুচকাওয়াজ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কিন্তু অনুষ্ঠান শেষে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে অন্তত ৩৯ জন শিশু। অসুস্থ শিশুদের দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে তাদের দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতালে পৌঁছে মুখ্যমন্ত্রী অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি জানান, “ওদের খিদে পেয়েছিল। এছাড়া সবার চুল ভিজে গিয়েছে, তাই গার্ডার খুলে দিলাম। পোশাক আলগা করে দিলাম। সবাইকে আদর করে, মিষ্টি জল খাইয়ে এসেছি। এখন সবাই স্থিতিশীল।” চিকিৎসকরা জানিয়েছেন, মূলত সকালের বৃষ্টি এবং পরে হঠাৎ রোদ ওঠার কারণে ডি-হাইড্রেশন হয়ে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল।

মুখ্যমন্ত্রী আরও বলেন যে, শিশুদের ব্রেকফাস্ট দেওয়া হলেও তারা তা ঠিকমতো খায়নি। তাঁর মতে, আজকালকার শিশুরা ‘ডায়েট’ করে বলে অনেক সময় ঠিকমতো খাবার খায় না। তিনি আরও দাবি করেন, অনেক সময় মানসিক কারণেও বা বন্ধুদের অসুস্থতা দেখে অনেকে অসুস্থ হয়ে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বারবার মার খেয়ে খেয়ে হাসপাতালে ভর্তি হতে হতে, আমার এগুলো দেখা অভ্যেস হয়ে গিয়েছে।” পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতার নগরপাল মনোজ ভার্মাও হাসপাতালে গিয়েছিলেন।