“আপোস করবে না ভারত, দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকব”-নাম না করে ট্রাম্পকে বার্তা মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই মন্তব্য আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক কড়া বার্তা।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদী বলেন, “কৃষকরা দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলেন। আমি তাঁদের জন্য দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকব।” ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উপর জোর দিয়ে তিনি আরও বলেন, “অন্য দেশের ওপর নির্ভরশীল হওয়া বিপর্যয়ের কারণ। আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বাবলম্বী হতে হবে।”

মোদী তার ভাষণে ‘দাম কম, দম বেশি’ এই নতুন মন্ত্রের কথা বলেন। তিনি বলেন যে, বিশ্ববাজারে অর্থনৈতিক স্বার্থপরতা বাড়ছে, তবে আমাদের নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে হবে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, শুল্ক আরোপের মোকাবিলায় মোদীর এই রূপরেখা মূলত আমেরিকাকেই লক্ষ্য করে। মোদীর কথায়, “উৎপাদন খরচ কমিয়ে ভালো পণ্য তৈরি করে বিশ্বের বাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের এটাই সুযোগ।”

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন, যা ভারত ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে মোদীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী ‘সমর্থ ভারত’ গড়ে তোলার অঙ্গীকার করে বলেন, “স্বাধীনতা সংগ্রামীরা যেমন স্বাধীন ভারতের স্বপ্ন দেখেছিলেন, তেমনই এখন সমর্থ ভারত গড়ে তোলার শপথ নিতে হবে। অন্যকে ছোট করার জন্য সময় নষ্ট না করে নিজেদের শক্তিশালী করার দিকে মন দিতে হবে।”