মর্মান্তিক! ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু ১০, আহত হলেন বহু বাসযাত্রী

স্বাধীনতা দিবসের সকালে বর্ধমানের ফাগুপুর জাতীয় সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।

জানা গেছে, পুণ্যার্থী বোঝাই বাসটি কলকাতা থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। যাত্রীরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা এবং তাঁরা গঙ্গাসাগর থেকে স্নান সেরে ফিরছিলেন। বাসটিতে ৫ শিশুসহ মোট ৪০ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং বাসের গতিবিধির ওপর তদন্ত চলছে।

বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার তাপসকুমার ঘোষ জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই ১০ জনের মৃত্যু হয়। আহত ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আহত যাত্রী বিশ্বজিৎ কুমার বলেন, “আমরা বিহারের বাসিন্দা। বাসটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে যায় এবং আমি সামনের দিকে ছিটকে পড়ি। আমার কপালে আঘাত লেগেছে। কী করে যে সবটা ঘটে গেল, বুঝতে পারছি না।”

এই দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে।