একেই বলে দেশপ্রেম! ঘাটাল মেতে উঠল স্বাধীনতা দিবসের আনন্দে, জলের মধ্যেই পতাকা উত্তোলন

ঘাটাল মানেই এখনও মানুষের চোখে ভাসে বন্যা এবং জলবন্দি এলাকার ছবি। নৌকা কিংবা হাঁটুসমান জল ঠেলে যাতায়াত করা এখানকার মানুষের কাছে নিত্যদিনের ঘটনা। তবে এত দুর্ভোগের মধ্যেও দেশপ্রেমের আবেগে এতটুকুও ঘাটতি নেই। রাজ্যের অন্য জায়গার মতোই স্বাধীনতা দিবস পালনের উন্মাদনায় আজ মেতে উঠেছে ঘাটালের মানুষ।

প্রায় দু’মাস ধরে ঘাটালের একাধিক গ্রাম এবং পৌর এলাকা প্লাবিত। তা সত্ত্বেও, আজ সকালে ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকরা হাঁটুসমান জল ঠেলে স্কুলে এসে জাতীয় পতাকা উত্তোলন করেছেন। বন্যা কবলিত এলাকার মানুষও সমান উৎসাহে স্বাধীনতার এই আনন্দ উদযাপন করেছেন।

যেখানে স্কুলের খেলার মাঠ এবং ভবনগুলো এখনও বন্যার জলে ডুবে আছে, সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই ছবিটি যেন মানুষের দেশপ্রেমের অদম্য স্পৃহা এবং জল-যন্ত্রণাকে উপেক্ষা করে এগিয়ে চলার এক প্রতিচ্ছবি। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ঘাটালে ১৫ আগস্টের আবেগ বিন্দুমাত্র কমেনি। এখানকার মানুষ প্রমাণ করে দিয়েছে, যত বাধাই আসুক, দেশের প্রতি তাদের ভালোবাসা সবসময় অটুট থাকে।