“নিউক্লিয়ার ব্ল্যাকমেল বরদাস্ত করব না”-লালকেল্লা থেকে মুনিরকে হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর

৭৯তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লা থেকে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পরমাণু হামলার যে হুমকি দিয়েছিলেন, তার নাম না করেই মোদী তার পাল্টা জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেল বরদাস্ত করবে না।”

আসিম মুনির বলেছিলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। আমরা যদি ডুবি, অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবব।” একই সঙ্গে তিনি গুজরাটে আম্বানিদের তেল শোধনাগারে হামলারও হুমকি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদীর আজকের ভাষণ সেই হুমকিরই জবাব বলে মনে করছে রাজনৈতিক মহল। মোদী বলেন, “দীর্ঘদিন ধরে আমরা পারমাণবিক ব্ল্যাকমেল সহ্য করেছি, কিন্তু আর নয়। এই ধরনের কোনো চেষ্টা হলে আমাদের সেনারা তার উপযুক্ত জবাব দেবে।”

পহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল করে দিয়েছিল। প্রধানমন্ত্রী সেই সময় বলেছিলেন, “জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না।” স্বাধীনতা দিবসের ভাষণে তিনি আবারও সেই কথা স্মরণ করিয়ে দেন। মোদী বলেন, “নিজেদের তৃষ্ণার্ত রেখে শত্রুদের জল দেওয়া হচ্ছিল। তা আর হবে না। সিন্ধুর জলে ভারত এবং ভারতের কৃষকদেরই অধিকার থাকবে।”

ভাষণে মোদী ‘অপারেশন সিঁদুরের’ পর পাকিস্তানের ঘুম উড়ে গিয়েছে বলেও কটাক্ষ করেন। একই সঙ্গে তিনি ‘আত্মনির্ভর ভারত’ গড়ার উপর জোর দেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, সেমিকন্ডাক্টর খাতে ‘মিশন মোডে’ কাজ চলছে এবং চলতি বছরের শেষেই ‘মেড ইন ইন্ডিয়া’ চিপ বাজারে আসবে। তিনি আরও জানান যে, জ্বালানি ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যেও ভারত কাজ করছে।