“সাধারণ ট্রেনের টিকিট কেটে AC লোকালে উঠলে জরিমানা?”-জেনেনিন কী বলছে রেলের নিয়ম?

শিয়ালদহ থেকে রানাঘাট রুটে নতুন এসি লোকাল ট্রেন চালু হওয়ার পর যাত্রীদের মধ্যে বেশ উৎসাহ দেখা যাচ্ছে। একই সঙ্গে টিকিটের মূল্য এবং নিয়মকানুন নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণ লোকাল ট্রেনের টিকিট কেটে কেউ এসি ট্রেনে উঠলে কী হবে, তা নিয়ে রেলের পক্ষ থেকে নতুন নিয়ম জানানো হয়েছে।
রেলের নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী যদি সাধারণ ট্রেনের টিকিট কেটে এসি লোকাল ট্রেনে ওঠেন, তবে তাকে জরিমানা দিতে হবে। এই জরিমানার পরিমাণ এবং নিয়ম ব্যাখ্যা করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অঙ্কটি এমনভাবে নির্ধারিত হবে: যাত্রী যে স্টেশন থেকে ট্রেনে উঠেছেন, সেই স্টেশন থেকে শিয়ালদহ পর্যন্ত এসি ট্রেনের নির্ধারিত ভাড়া থেকে সাধারণ টিকিটের ভাড়া বাদ দেওয়া হবে। এর সঙ্গে রেলের নির্ধারিত ২৫০ টাকা জরিমানা এবং জিএসটি চার্জ যুক্ত হবে।
উদাহরণস্বরূপ, শিয়ালদহ থেকে ব্যারাকপুর পর্যন্ত এসি ট্রেনের ভাড়া ৬০ টাকা। যদি কোনো যাত্রী সাধারণ ট্রেনের ১০ টাকার টিকিট কেটে এসি ট্রেনে ওঠেন, তবে তাকে ৫০ টাকা (৬০-১০) এবং ২৫০ টাকা জরিমানা ও জিএসটি (৫ থেকে ১০ টাকা) মিলিয়ে মোট ৩০০ টাকার বেশি জরিমানা দিতে হবে।
গত সোমবার রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এসি লোকাল ট্রেনের যাত্রা শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ বারবার যাত্রীদের সঠিক টিকিট কেটে যাতায়াত করার জন্য সতর্ক করে দিয়েছে। প্রথম দিনেই এক টিকিটবিহীন যাত্রীকে জরিমানা করা হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে এসি লোকাল ট্রেনে নিয়মিত টিকিট পরীক্ষক মোতায়েন থাকবেন।
বর্তমানে, এসি লোকাল ট্রেনটি প্রতিদিন সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছেড়ে শিয়ালদহে পৌঁছায় সকাল ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে রানাঘাটে পৌঁছায় রাত ৮টা ৩২ মিনিটে।