‘রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না’, সিন্ধু চুক্তি বাতিলের সিদ্ধান্তে অনড় ভারত, লালকেল্লা থেকে কড়া বার্তা মোদীর

স্বাধীনতা দিবসের সকালে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ভারত সরকার ‘অপারেশন সিঁদুর’-এর পর সিন্ধু চুক্তি বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে পিছু হঠবে না। পাকিস্তানের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না।”

প্রধানমন্ত্রী সিন্ধু জলচুক্তিকে একটি ‘অন্যায় ও একতরফা’ চুক্তি বলে অভিহিত করেন এবং বলেন যে ভারত এই ধরনের চুক্তি কোনোভাবেই মানবে না। তিনি বলেন, “আমার দেশের ভূমির উপর দিয়ে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের।” বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে, কৃষকদের এবং দেশের স্বার্থে সেই শর্ত মানা হবে না বলে তিনি জোর দিয়ে জানান।

১৯৬০ সালে বিশ্ব ব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি সই হয়েছিল। এই চুক্তি অনুযায়ী, শতদ্রু, বিপাশা ও রবি নদীর জলের উপর ভারতের পূর্ণ অধিকার রয়েছে। অন্যদিকে, সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগার ৮০ শতাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। দীর্ঘদিন ধরেই ভারত এই চুক্তিতে সংশোধন আনার দাবি করে আসছিল, কারণ পাকিস্তান বরাবরই ভারতের নদীবাঁধ নির্মাণে আপত্তি জানায়।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ নিরীহ মানুষের মৃত্যুর পর ভারত এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তান বারবার চুক্তি পুনরায় চালুর অনুরোধ জানালেও নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। প্রধানমন্ত্রীর আজকের ভাষণ থেকে স্পষ্ট যে, ভারত তার অবস্থানে অনড় রয়েছে এবং বর্তমান শর্তে এই চুক্তি পুনরায় চালু করার কোনো সম্ভাবনা নেই।