DA নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করলো রাজ্য, খবরে খুশি চাকরিজীবীরা

মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে টানাপোড়েনের আবহে একটি বড় দাবি মেনে নিল রাজ্য সরকার। জন্মাষ্টমী উপলক্ষে এবার সরকারি কর্মীরা ১৬ই অগাস্ট ছুটি পাচ্ছেন। অর্থ দফতর বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।

আগে গত নভেম্বরে প্রকাশিত ছুটির তালিকায় জন্মাষ্টমীর ছুটি ১৫ই অগাস্ট দেখানো হয়েছিল। কিন্তু এ বছর জন্মাষ্টমী ১৬ই অগাস্ট হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। অনেকেই ১৬ই অগাস্ট ছুটি ঘোষণার দাবি জানাচ্ছিলেন। সেই দাবিকেই মান্যতা দিয়ে রাজ্য সরকার আজ ছুটি ঘোষণা করল।

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ই অগাস্ট শনিবার রাজ্যের সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ এবং রাজ্যের অধীনস্থ অন্যান্য দফতর বন্ধ থাকবে। এর আগে, শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই ভুল সংশোধনের দাবি জানিয়েছিলেন। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী ১৬ই অগাস্ট ছুটি থাকার কথা। আমরা প্রায়শই লক্ষ্য করি যে ভালোভাবে পর্যালোচনা না করেই ছুটির তালিকা জারি করা হয়।”

এই ভুলের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতে সরকারের এই পদক্ষেপ যথেষ্ট ইতিবাচক বলে মনে করছেন অনেকে। ভবিষ্যতে এমন ভুল যাতে না হয়, সেদিকে আরও সতর্ক থাকার কথাও বলেছেন সংশ্লিষ্ট মহল।