দিন দিন কমছে যাত্রী সংখ্যা, বাসের আকার-আসন সংখ্যায় আসছে বদল, জারি হলো নোটিস

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং যাত্রী সংখ্যার তারতম্যের কারণে লোকসানের অভিযোগের প্রেক্ষিতে রাজ্য পরিবহণ দফতর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। এখন থেকে বাস মালিকরা প্রয়োজন অনুযায়ী তাদের বাসের আকার এবং আসন সংখ্যা পরিবর্তন করতে পারবেন।
দীর্ঘদিন ধরে বাস মালিকদের একটি বড় অংশ অভিযোগ করে আসছিলেন যে করোনা মহামারীর পর থেকে বিভিন্ন রুটে যাত্রী সংখ্যায় ওঠানামা করছে। কিছু রুটে যাত্রী কমেছে, আবার কিছু রুটে বেড়েছে। অথচ জ্বালানির দাম ক্রমাগত বাড়ছে, কিন্তু ভাড়ায় কোনো পরিবর্তন হয়নি। এর ফলস্বরূপ, অনেক রুটে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন মালিকরা।
এই সমস্যার সমাধান করতেই পরিবহণ দফতর নতুন নিয়ম চালু করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, একই রুট পারমিটে বাস মালিকরা এখন থেকে প্রয়োজন মতো ছোট বা বড় বাস নামাতে পারবেন। এর ফলে, যে রুটে যাত্রী কম, সেখানে ছোট বাস এবং যেখানে যাত্রী বেশি, সেখানে বড় বাস ব্যবহার করা যাবে।
আসন সংখ্যার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। আগে কাঠের বাসে ৪০টি আসন থাকত, বর্তমানে আধুনিক বাসগুলিতে ন্যূনতম আসন সংখ্যা ৩৮। তবে নতুন নিয়মানুসারে, এখন থেকে বাসের আসন সংখ্যা সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৫৫ পর্যন্ত হতে পারবে।
নতুন নিয়ম অনুযায়ী, বাসের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা কমপক্ষে ৬ ফুট হতে হবে। তবে যদি বাসের আসন সংখ্যা ৩০টির কম হয়, তবে ‘স্টেজ ক্যারেজ’ পারমিটের পরিবর্তে ‘স্পেশ্যাল স্টেজ ক্যারেজ’ পারমিট নিতে হবে। এই পদক্ষেপের ফলে বাস মালিকদের লোকসান কমার পাশাপাশি যাত্রী পরিষেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।