বিশেষ: ক্যান্সারের বিস্তার ঠেকানোর নতুন উপায়ের খোঁজ, জেনেনিন কি বলছে বিজ্ঞনীরা?

ক্যান্সার চিকিৎসায় এক নতুন আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দাবি করেছেন যে শরীরের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা ব্যবহার করে ক্যান্সারের বিস্তার বা ‘মেটাস্ট্যাসিস’ ঠেকানো সম্ভব। মেটাস্ট্যাটিক ক্যান্সারই হল এই রোগের প্রধান কারণ, যা ক্যান্সার কোষকে মূল টিউমার থেকে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে সাহায্য করে।
এতদিন পর্যন্ত বিজ্ঞানীরা জানতেন যে ক্যান্সার কোষ কীভাবে মূল টিউমার থেকে বেরিয়ে আসে, কিন্তু কেন কিছু কোষ নতুন টিউমার তৈরি করে আর কিছু কোষ সুপ্ত অবস্থায় থেকে যায়, তা স্পষ্ট ছিল না। বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সেল’-এ প্রকাশিত এক গবেষণায় নিউ ইয়র্কের ‘মন্টেফিয়োর আইনস্টাইন কম্প্রিহেনসিভ ক্যান্সার সেন্টার’ (MECCC)-এর বিজ্ঞানীরা ইঁদুরের উপর পরীক্ষা করে এই রহস্যের সমাধান করেছেন।
গবেষণায় দেখা গেছে, শরীরের একটি প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা বা ‘ইমিউন রেসপন্স’ আছে, যা ছড়িয়ে পড়া ক্যান্সার কোষকে নতুন টিউমার গঠনে বাধা দেয়। ড. জুলিও আগুয়েরে-ঘিসোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় স্তন ক্যান্সারের কোষের উপর নজর রাখা হয়, যা সাধারণত ফুসফুসে ছড়িয়ে পড়ে।
গবেষণায় উঠে আসে, ফুসফুসে থাকা ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ নামক কিছু ইমিউন কোষ এই ছড়িয়ে পড়া ক্যান্সার কোষগুলিকে সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় রাখতে সাহায্য করে। এই ছড়িয়ে পড়া ক্যান্সার কোষগুলিকে ‘ডিসমিনেটেড ক্যান্সার সেল’ বা ডিসিসি বলা হয়। এর মধ্যে কিছু কোষ সঙ্গে সঙ্গে নতুন টিউমার তৈরি করে, আর কিছু কোষ বহু বছর ধরে সুপ্ত অবস্থায় থাকে।
বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ কোষগুলি ‘টিজিএফ-β২’ নামে একটি প্রোটিন ব্যবহার করে ক্যান্সার কোষগুলিতে সংকেত পাঠায়, যা তাদের সক্রিয় হতে এবং নতুন টিউমার তৈরি করতে বাধা দেয়। ফুসফুসের মতোই দেহের অন্যান্য অঙ্গেও এমন প্রতিরোধক কোষ রয়েছে, যা বিভিন্ন ধরনের ক্যান্সার কোষকে সুপ্ত রাখতে পারে এবং মেটাস্ট্যাসিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ইঁদুরের উপর করা পরীক্ষায় দেখা গেছে, যখন ‘অ্যালভোলার ম্যাক্রোফেজ’ কোষগুলি অপসারণ করা হয়, তখন ক্যান্সার কোষগুলি দ্রুত সক্রিয় হয়ে নতুন টিউমার তৈরি করে। অন্যদিকে, এই কোষগুলি উপস্থিত থাকলে ক্যান্সারের বিস্তার ঠেকানো সম্ভব হয়।
গবেষকরা আশা করছেন, এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে নতুন পথ খুলে দেবে। কীভাবে এই ইমিউন কোষগুলি কাজ করে, তা আরও ভালোভাবে বোঝা গেলে নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করা সম্ভব হবে। তারা মনে করছেন, এই প্রতিরোধক কোষগুলির সংকেতকে আরও শক্তিশালী করে ক্যান্সার কোষগুলিকে সুপ্ত রাখা এবং মেটাস্ট্যাসিস পুরোপুরি বন্ধ করা সম্ভব। এটি ক্যান্সার চিকিৎসার একটি নতুন ও কার্যকর উপায় হতে পারে, যা অনেক জীবন বাঁচাতে সাহায্য করবে।