৭ মাসের বিচার শেষে রায়, স্ত্রীকে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মাত্র সাত মাসের বিচার প্রক্রিয়ায় এক নজিরবিহীন রায় শোনালো রানাঘাট ফাস্টট্র্যাক আদালত। নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার দায়ে অভিযুক্ত স্বামী নির্মল দত্তকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে। বৃহস্পতিবার এই রায় ঘোষণার পর নিহত সুচিত্রা দত্তর পরিবার আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নদিয়ার ধানতলা থানার কুশুবেড়িয়া পশ্চিমপাড়া গ্রামে। পেশায় ‘হাতুড়ে’ চিকিৎসক নির্মল দত্ত তার স্ত্রী সুচিত্রা দত্তকে নৃশংসভাবে খুন করেছিলেন। প্রায় ১৩ বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে তারা বিয়ে করেছিলেন এবং তাদের ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় সুচিত্রা তার ছেলেকে নিয়ে বাপের বাড়ির কাছে একটি ভাড়া বাড়িতে আলাদা থাকতে শুরু করেন। তিনি বিবাহ-বিচ্ছেদের জন্যও আদালতে আবেদন করেছিলেন। ঘটনার দিন দুপুরে নির্মল ওই ভাড়া বাড়িতে এসে সুচিত্রাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর ধানতলা থানার পুলিশ নির্মল দত্তকে দ্রুত গ্রেফতার করে। এরপর থেকে শুরু হয় বিচার প্রক্রিয়া। আদালতে একাধিক সাক্ষীর বয়ানের ভিত্তিতে বিচারক নির্মল দত্তকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান। মাত্র সাত মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হওয়ায় বিচার ব্যবস্থা দ্রুত এবং কার্যকর ভূমিকা পালন করেছে বলে মনে করা হচ্ছে।