৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণ, আত্মনির্ভর ভারত ও গণতন্ত্রের জয়গান

৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়ে তিনি ভারতের ‘সুবৃদ্ধি’ এবং গণতন্ত্রের সাফল্যের কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, “এই দেশ আত্মনির্ভরতার পথে তীব্র আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে।”
ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গর্বের যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতীয় অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপন করেন।” তিনি ভারতের গণতন্ত্রের দৃঢ়তার কথা উল্লেখ করে বলেন, “আমাদের স্বাধীনতার পর আমরা এমন গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছি, যেখানে প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের ভোটাধিকার পেয়েছেন এবং নিজেদের ভাগ্য নিজে নির্ধারণের অধিকার পেয়েছেন।”
রাষ্ট্রপতির ভাষণে দেশের নিরাপত্তা এবং প্রযুক্তির অগ্রগতিও উঠে এসেছে। তিনি বলেন, “এই বছর আমাদের সন্ত্রাসের নাশকতার শিকার হতে হয়েছে। কাশ্মীরে নিরীহ পর্যটকদের ওপর সন্ত্রাসবাদী হামলা অমানবিক।” তবে তিনি ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের কথা তুলে ধরে বলেন, “অপারেশন সিঁদুর দেখিয়েছে, কীভাবে আমাদের সেনাবাহিনী দৃঢ় সংকল্পের সঙ্গে যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং কৌশলে সন্ত্রাসবাদীদের শেষ করেছে।”
প্রযুক্তির বিষয়ে কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসঙ্গে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ভারতের প্রযুক্তির পরবর্তী ধাপ, যা ইতিমধ্যেই আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে।” তিনি আরও জানান যে, কেন্দ্র দেশের নাগরিকদের এআই ব্যবহারে দক্ষ করে তোলার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে। রাষ্ট্রপতির এই ভাষণ দেশের সার্বভৌমত্ব, গণতন্ত্রের শক্তি এবং ভবিষ্যতের দিকে ভারতের অগ্রগতির বার্তা দিয়েছে।