শান্তিনিকেতনে ছবির শ্যুটিং ঘিরে বিতর্ক, অরিজিৎ সিং ও তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

স্বাধীনতা দিবসের আগে শান্তিনিকেতনে একটি সিনেমার শ্যুটিংকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং। তার এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ এনেছেন স্থানীয় বাসিন্দা কমলাকান্ত লাহা।
ঘটনাটি ঘটেছে ১৩ আগস্ট তালতোড় এলাকায়, যেখানে অরিজিৎ সিং একটি ছবির শ্যুটিংয়ে অংশ নিচ্ছিলেন। শ্যুটিংয়ের প্রয়োজনে একটি বড় রাস্তা আংশিকভাবে বন্ধ করে রাখা হয়েছিল, যার কারণে স্থানীয় বাসিন্দাদের চলাচলে অসুবিধা হচ্ছিল। অভিযোগকারী কমলাকান্ত লাহা জানান, তিনি জরুরি প্রয়োজনে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। শ্যুটিং-এর নিরাপত্তার দায়িত্বে থাকা দেহরক্ষীরা তাকে প্রথমে পাঁচ মিনিট এবং পরে আরও ৩০ মিনিট অপেক্ষা করতে বলেন। লাহা আরও বলেন, “আমার জরুরি কাজ থাকায় আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করি। কিন্তু সে সময় দেহরক্ষীরা আমাকে বাধা দেয় এবং এর ফলে আমার হাতে চোট লাগে।” তিনি আরও অভিযোগ করেন যে, তাকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করা হয় এবং এই গোলমালের মধ্যে তার একটি সোনার আংটি হারিয়ে যায়।
কমলাকান্ত লাহা নিজেকে একজন শিল্পী হিসেবে পরিচয় দিয়ে বলেন, “আমি আরেকজন শিল্পীর থেকে এমন ব্যবহার আশা করিনি।” এই ঘটনার পর তিনি শান্তিনিকেতন থানায় প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম উল্লেখ করা হয়েছে।
বীরভূম জেলার পুলিশ সুপার এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন যে, তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেছেন, উভয় পক্ষের বক্তব্য শোনার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অরিজিৎ সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।