“বেদনাদায়ক পরিণতি হবে”- পাক সেনাপ্রধানের পরমাণু হুমকির পালটা জবাব দিলো ভারত

পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনিরের বিতর্কিত ভারতবিরোধী মন্তব্যের পরিপ্রেক্ষিতে এবার কঠোর প্রতিক্রিয়া জানাল ভারত। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে পাকিস্তান বারবার ভারতবিরোধী মন্তব্য করছে এবং কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের ‘বেদনাদায়ক পরিণতি’ হবে।

সম্প্রতি মার্কিন সফরে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান মুনির বলেন, ভারত থেকে “অস্তিত্বের হুমকি” এলে পাকিস্তান “অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে”। তাঁর এই মন্তব্যকে ভারত ‘পরমাণু হুমকি’ হিসেবে উল্লেখ করে এবং এটিকে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ ও বিপজ্জনক বলে আখ্যা দেয়। মুনিরের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা লক্ষ্য করছি, পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে ভারতবিরোধী, যুদ্ধংদেহী এবং বিদ্বেষপূর্ণ মন্তব্যের ধারা অব্যাহত রয়েছে। এটি তাদের একটি পরিচিত কৌশল। নিজেদের ব্যর্থতা আড়াল করতে তারা বারবার ভারতবিরোধী মন্তব্য করছে।” তিনি আরও বলেন, “যে কোনও দুঃসাহসিক পদক্ষেপের বেদনাদায়ক পরিণতি হবে, যেমনটা সম্প্রতি দেখা গেছে।” তাঁর এই মন্তব্যের মাধ্যমে গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এর সময় ভারতের পাল্টা হামলায় পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনাই পরোক্ষভাবে উল্লেখ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই বিষয়ে নয়াদিল্লি আরও উদ্বেগ প্রকাশ করে বলেছে যে, “এই হুমকি এমন একটি সামরিক প্রতিষ্ঠানের তরফ থেকে এসেছে, যারা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে।” এর ফলে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে বলে ভারত জানিয়েছে।

তবে, পাকিস্তান ভারতের এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তাদের পারমাণবিক নীতি সম্পূর্ণ বেসামরিক নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা কৌশলগত বিষয়ে সবসময় “শৃঙ্খলা ও সংযম” বজায় রেখেছে। একই সঙ্গে তাঁরা ভারতকে হুঁশিয়ারি দিয়েছে যে, ভারতের যেকোনো আক্রমণের তাৎক্ষণিক এবং যথাযথ জবাব দেওয়া হবে। দুই দেশের মধ্যে এই টানাপোড়েন ও কথার যুদ্ধ আবারও সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।