রাজ্যের ৭.৬ লক্ষ কোটির ঋণ! বাজেটের আগে RBI গভর্নরের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু।

রাজ্য বাজেটের ঠিক ১০ দিন আগে রাজ্যের আর্থিক নীতিনির্ধারণ নিয়ে নড়েচড়ে বসল নবান্ন। শনিবার রাজ্যের সচিবালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর সঞ্জয় মালহোত্রা। আগামী ২২ জুন বর্তমান সরকারের প্রথম বাজেট পেশ হওয়ার কথা, তার ঠিক আগে এই উচ্চপর্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল।

বৈঠকের নেপথ্যে কী? প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের বর্তমান অর্থনীতি, আর্থিক ব্যবস্থাপনা এবং ঋণ সংক্রান্ত জটিলতা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের মাথায় এই মুহূর্তে প্রায় ৭.৬ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। সরকারে এসেই আর্থিক শৃঙ্খলার পাশাপাশি রাজস্ব বৃদ্ধি ও নতুন শিল্প বিনিয়োগ টানার ওপর বিশেষ জোর দিয়েছে বিজেপি সরকার। বাজেটের প্রাক্কালে RBI গভর্নরের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই আলোচনা রাজ্যের আর্থিক স্বাস্থ্য মজবুত করার কৌশল হিসেবেই দেখছেন অর্থনীতিবিদরা।

সৌজন্য বিনিময়, নাকি জরুরি আলোচনা? সরকারিভাবে এই বৈঠকের বিষয়বস্তু নিয়ে কোনো বিবৃতি দেওয়া না হলেও, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ফেসবুক পেজে বৈঠকের ছবি শেয়ার করেছেন। সেখানে এটিকে ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী ও আরবিআই গভর্নর একে অপরকে উপহার ও পুষ্পস্তবক বিনিময় করেন। মুখ্যমন্ত্রী গভর্নরকে মা কালীর একটি মূর্তি উপহার দেন।

বিশেষজ্ঞদের মত আগামী ২২ জুন পেশ হতে চলা প্রথম বাজেটেই সরকারের ভিশন ও রোডম্যাপ স্পষ্ট হয়ে যাবে। রাজস্ব ঘাটতি কমিয়ে কীভাবে উন্নয়নমূলক প্রকল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাই এখন শুভেন্দু সরকারের প্রধান চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কি রাজ্যের জন্য কোনো বড় অর্থনৈতিক প্যাকেজ বা নতুন নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।