বিহারের ভোটার তালিকা বিতর্কে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ৬৫ লক্ষ ভোটারের নামের তালিকা এবং নাম বাদ পড়ার কারণ বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে।
আদালত কমিশনকে তীব্র কটাক্ষ করে বলেছে, “কমিশন কি এই নামগুলির সাইন বোর্ড তৈরি করবে ঠিক করছে? তা না হলে কাদের নাম বাদ গেল তা নিজেদের ওয়েবসাইটে তুলে ধরতে তাদের সমস্যা হচ্ছে কেন?” বিচারপতিদ্বয়ের বেঞ্চ আরও নির্দেশ দিয়েছে যে, যাদের নাম বাদ পড়েছে, তারা যদি পুনরায় নাম তোলার জন্য আবেদন করেন, তবে প্রমাণপত্র হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ডও গ্রহণ করতে হবে।
গত ১ আগস্ট এসআইআর প্রক্রিয়ার প্রথম দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে জানানো হয়। কমিশন জানিয়েছিল যে, বাদ পড়া ভোটারদের মধ্যে ২২.৩৪ লক্ষের মৃত্যু হয়েছে, ৩৬.২৮ লক্ষ স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন বা তাদের সন্ধান পাওয়া যায়নি, এবং ৭.০১ লক্ষ ভোটারের নাম একাধিক তালিকায় রয়েছে।
সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, আমজনতার সুবিধার্থে এই তালিকা কোথায় কোথায় দেখা যাবে, তা আঞ্চলিক সংবাদপত্র, ইংরেজি দৈনিক, সংবাদমাধ্যম এবং রেডিওর মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ আগস্ট, যার মধ্যে নির্বাচন কমিশনকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষে প্রবীণ আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, নির্বাচন কমিশন একটি স্বশাসিত সাংবিধানিক সংস্থা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে রাজনৈতিক বিতর্কের মধ্যে কাজ করতে হচ্ছে। তিনি আরও বলেন, দলগুলো যখন নির্বাচনে পরাজিত হয়, তখন ইভিএমকে দোষারোপ করে, কিন্তু জিতলে ইভিএমই ভালো হয়ে যায়।