ISL জট অব্যাহত, সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে টুর্নামেন্টের ভবিষ্যৎ

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর আসন্ন মরসুম নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সম্প্রতি ১১টি আইএসএল ক্লাবের পক্ষ থেকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) একটি চিঠি দিয়ে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে এআইএফএফ তাদের সর্বশেষ বৈঠকের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে আইএসএল সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হয়েছে।

এআইএফএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট তারা আইএসএল ক্লাবগুলির কাছ থেকে একটি চিঠি পায়, যেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির অনুরোধ করা হয়েছিল। এরপর ১৩ আগস্ট আইএসএল ক্লাবগুলির আইনি প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়, যেখানে টুর্নামেন্টের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

এই জটিলতার মূল কারণ হলো এআইএফএফ এবং এফএসডিএল-এর মধ্যে মাস্টার রাইট অ্যাগ্রিমেন্ট। এই চুক্তিটি ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, যার কারণে সাধারণত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইএসএল টুর্নামেন্ট শুরু করা যাচ্ছে না। এআইএফএফ-এর ৭ আগস্টের বৈঠকের বিষয়বস্তু অনুযায়ী, আইএসএল শুরু হওয়া নির্ভর করছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের ওপর। তবে যখনই লিগ শুরু হোক না কেন, দলগুলোকে প্রস্তুতির জন্য অন্তত দুই মাসের সময় দেওয়া হবে।

এই পরিস্থিতিতে সুপার কাপ এগিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। অক্টোবর নাগাদ সুপার কাপ শুরু হতে পারে এবং এর পূর্ণাঙ্গ সূচি দ্রুতই প্রকাশ করা হবে। এআইএফএফ জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টে এই বিষয়টি উত্থাপন করবে এবং সকল ক্লাবের সঙ্গে আলোচনা করেই সমস্যার সমাধান করবে। যদিও এই বিবৃতি থেকে আইএসএল-এর জট পুরোপুরি কাটেনি, তবে পরিস্থিতি কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।