বিশেষ: মরুভূমির বালি কেন ঘর-বাড়ি তৈরিতে ব্যবহার করা যায় না?, জেনেনিন সেই কারণ?

ঘরের দেয়াল থেকে শুরু করে রাস্তাঘাট নির্মাণ, সব কিছুতেই বালু একটি অপরিহার্য উপাদান। মরুভূমিতে বালুর অভাব না থাকলেও, মজার বিষয় হলো, সেই বালি নির্মাণ কাজে ব্যবহার করা যায় না। এর পেছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক ও ভৌত কারণ।
মসৃণ বালি এবং দুর্বল জয়েন্ট
মরুভূমির বালি সাধারণত খুব মসৃণ এবং গোলাকার হয়। মরুভূমির তীব্র বাতাস বালুর কণাগুলোকে ঘষে ঘষে মসৃণ করে দেয়। কিন্তু নির্মাণ কাজের জন্য বালির কণাগুলো অমসৃণ এবং কোণযুক্ত হওয়া জরুরি। যখন সিমেন্টের সঙ্গে মসৃণ ও গোলাকার বালু মেশানো হয়, তখন কণাগুলো একে অপরের সঙ্গে ভালোভাবে মিশতে পারে না। ফলে সিমেন্ট দিয়ে তৈরি করা জয়েন্ট দুর্বল থেকে যায়।
অন্যদিকে, নদীর বালি বা পাথর ভাঙা বালি অমসৃণ ও কোণযুক্ত হয়। এই ধরনের বালি ব্যবহার করলে সিমেন্ট এবং বালি একে অপরের সঙ্গে শক্তভাবে আটকে যায়, যার ফলে গাঁথনি মজবুত হয়।
লবণের আধিক্য
মরুভূমির বালিতে লবণের পরিমাণ বেশি থাকে। কারণ, মরুভূমির তাপমাত্রা বেশি হওয়ায় সেখানকার জল দ্রুত বাষ্পীভূত হয়ে যায় এবং বালিতে লবণের পরিমাণ বেড়ে যায়। এই লবণ বালুর রাসায়নিক গঠনকে দুর্বল করে দেয়। ফলে, এই বালি দিয়ে কোনো কিছু নির্মাণ করলে তা দীর্ঘস্থায়ী হয় না এবং সহজেই ভেঙে যেতে পারে।
সুতরাং, মসৃণ গঠন এবং উচ্চ লবণের পরিমাণের কারণেই মরুভূমির বালি ঘর-বাড়ি বা অন্যান্য নির্মাণ কাজে ব্যবহার করা হয় না।