তৈরি হয়ে গেল দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন, মুহূর্তেই পৌঁছে যাবেন এক রাজ্য থেকে অন্য রাজ্যে

ভারতীয় রেলওয়ের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। এবার রেললাইনে ছুটতে চলেছে সম্পূর্ণ হাইড্রোজেন জ্বালানি চালিত ট্রেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ২০২৩ সালে এই ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সম্প্রতি, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ট্রেনের সফল ট্রায়াল রান সম্পন্ন হয়েছে এবং তার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে ভারত হাইড্রোজেন ট্রেনের প্রযুক্তি ব্যবহারকারী বিশ্বের পঞ্চম দেশ হতে চলেছে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার ‘এক্স’ হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন! কামিং সুন।” ভিডিওটিতে ট্রেনের ফাস্ট লুক দেখা গেছে, যা দেশবাসীকে উৎসাহিত করেছে। জানা গেছে, জুলাই মাসের শেষ দিকে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে ট্রেনটির সফল ট্রায়াল রান সম্পন্ন হয়। এরপর এটি অন্ননগর ইয়ার্ডে পাঠানো হয়েছে, যেখানে রিসার্চ ডেভলপমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের তত্ত্বাবধানে এর সমস্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
হাইড্রোজেন ট্রেনের বিশেষত্ব
এই ট্রেনটি সাধারণ ট্রেন থেকে সম্পূর্ণ আলাদা। এটি ডিজেল বা বিদ্যুতের পরিবর্তে হাইড্রোজেন জ্বালানিতে চলবে, যা পরিবেশবান্ধব। ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম এই ট্রেনের ক্ষমতা ১২০০ হর্স পাওয়ার। অনেকে মনে করছেন, এটি বন্দে ভারত ট্রেনকেও টেক্কা দিতে পারে। প্রতিটি ট্রেনে মোট ২৬৩৮টি আসন থাকবে এবং এতে ৮টি কোচ যুক্ত করা হবে। ট্রেনের দুই প্রান্তে থাকবে হাইড্রোজেন ইঞ্জিন।
এই যুগান্তকারী প্রকল্পটি ভারতীয় রেলওয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই হাইড্রোজেন ট্রেন তৈরিতে প্রায় ৮০ কোটি টাকা খরচ হয়েছে। রেলমন্ত্রীর দাবি, এই ট্রেন ভারতের রেল যোগাযোগে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জার্মানি, ফ্রান্স, সুইডেন এবং চীনের পর ভারত হবে পঞ্চম দেশ, যারা এই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে। ভবিষ্যতে এই ট্রেনটি কলকাতা থেকে পুরীর মতো জনপ্রিয় রুটে চলতে পারে বলে জল্পনা চলছে।