বাড়ির ছাদে পড়ল প্রাচীন উল্কার অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন গৃহকর্তা

মহাকাশ থেকে ছিটকে আসা একটি উল্কার অংশ সরাসরি ঢুকে পড়ল আমেরিকার এক বাড়ির ছাদ ও মেঝে ভেদ করে। প্রায় দু’কোটি বছরের পুরনো এই পাথরটি বাড়ির ভেতরে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি। এই ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায়, আর পাথরটি নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এটি একটি উল্কার অংশ।

গত ২৬ জুন ম্যাকডোনো শহরের একটি বাড়ির ওপর এই ঘটনা ঘটে। একটি কালো জামের মতো দেখতে ছোট পাথরটি প্রবল গতিতে ছাদ ভেদ করে মেঝেতে একটি গভীর গর্ত তৈরি করে। বাড়ির মালিক কয়েক ফুট দূরে থাকায় অল্পের জন্য রক্ষা পান। প্রথমে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো গুলি ছুঁড়েছে। কারণ পাথরটি পড়ার সময় গুলির শব্দের মতো প্রচণ্ড শব্দ হয়েছিল।

পাথরটি সংগ্রহ করে জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণায় নামেন। দেড় মাস পর তারা নিশ্চিত হন যে এটি একটি উল্কার অংশ। গবেষণায় আরও জানা গেছে, পাথরটি পৃথিবীর চেয়ে প্রায় দু’কোটি বছরেরও বেশি পুরোনো। এর জন্ম হয়েছিল প্রায় ৪৫৬ কোটি বছর আগে, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকা গ্রহাণুপুঞ্জ থেকে এটি ছিটকে এসেছিল।

বিজ্ঞানীরা জানান, এ পর্যন্ত পৃথিবীতে প্রায় ৫০ হাজার উল্কাপাত হয়েছে, কিন্তু কোনোটির কারণে মানুষের কোনো গুরুতর ক্ষতি হয়নি। এটিই ছিল একটি ব্যতিক্রমী ঘটনা। তবে উল্কাটি মাটি স্পর্শ করার সময় তার মূল আকারের মাত্র পাঁচ শতাংশে পরিণত হয়, তাই এটি দেখতে একটি নুড়িপাথরের মতো লাগছিল। এই ঘটনা আবারও মহাকাশ গবেষণার প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।