মার্কিন শুল্ক বিতর্ক সত্ত্বেও দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ, সেপ্টেম্বরে ফের মুখোমুখি মোদী-ট্রাম্প

ভারত এবং আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই একটি বড় খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকটি দুই দেশের মধ্যেকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদী নিউইয়র্কে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে পারেন, যা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। সেখানেই তার সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকটি যদি নিশ্চিত হয়, তাহলে এটি হবে চলতি বছরে তাদের দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ফেব্রুয়ারি মাসে ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন।
বর্তমানে দুই দেশের মধ্যে যে শুল্ক নিয়ে বিতর্ক চলছে, সেই বিষয়টি নিয়েই ট্রাম্প আলোচনা করতে আগ্রহী বলে সূত্র থেকে জানা গেছে। পাশাপাশি, এই বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও প্রধানমন্ত্রী মোদীর একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সফরে প্রধানমন্ত্রী মোদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে কোয়াড সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারেন।
এর আগে জুন মাসে কানাডা সফরকালে ট্রাম্প মোদীকে আমেরিকায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই সময়ে প্রধানমন্ত্রী মোদী সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সেই সময় পাক সেনা প্রধান আসিম মুনিরও আমেরিকায় ছিলেন এবং মোদী তার সঙ্গে সাক্ষাৎ এড়াতেই ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন।
এই সম্ভাব্য বৈঠকটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জটিলতা কাটাতে এবং কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।