পাকিস্তানের চরম অসভ্যতা! যেভাবে ভারতীয় কূটনীতিকদের হেনস্থা করছে জানলে আপনিও গর্জে উঠবেন!

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর সীমান্তে গোলাবর্ষণে ভারত যোগ্য জবাব দিলে পাকিস্তান সংঘর্ষ বিরতির জন্য আলোচনায় বসে। কিন্তু এবার সেই আলোচনার পর ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের মৌলিক সুযোগ-সুবিধা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দিচ্ছে পাকিস্তান। রান্নার গ্যাস, পানীয় জল এবং সংবাদপত্রের মতো প্রয়োজনীয় জিনিসপত্র পেতে ভারতীয় দূতাবাসের কর্মীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের কর্মী ও তাঁদের পরিবার মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পাকিস্তানের এই পদক্ষেপকে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধমূলক বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, হাই কমিশন চত্বরে গ্যাস পাইপলাইন বসানো হলেও তাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি, ভারতীয় কূটনীতিকদের বাসভবনে যাতে রান্নার গ্যাস সিলিন্ডার না পৌঁছায়, সেই নির্দেশও জারি করা হয়েছে। ভারতীয় কূটনীতিকদের বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে এই জিনিসপত্র কিনতে হচ্ছে। পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কর্মীরা ও তাঁদের পরিবার।

ভারতীয় হাইকমিশনের কর্মীরা যাতে স্থানীয় খবর না পান, সেজন্য তাঁদের আবাসনে সংবাদপত্রও না পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের উপর নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

পাকিস্তানের এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভিয়েনা চুক্তিকে লঙ্ঘন করছে। এই চুক্তি অনুযায়ী, কোনো দেশে অন্য দেশের কূটনীতিকদের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সূত্রের বরাত দিয়ে সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, পাকিস্তানের এই পদক্ষেপে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হতে পারে।

ইন্ডিয়া টুডে টিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এটি প্রথমবার নয়। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, তখনও ইসলামাবাদে ভারতীয় কূটনীতিকদের নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছিল পাকিস্তান। এবার ফের ভারতীয় কূটনীতিকদের হেনস্থা করার পর ভারত কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।