পাকিস্তানের পরম বন্ধু, ভারত-বিরোধী নীতির জেরে বিপাকে তুরস্ক..! কোটি টাকার লোকসান

পহেলগাঁও জঙ্গি হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর মতো স্পর্শকাতর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেওয়ার কারণে তুরস্কের বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষই প্রতিবাদে সরব হয়েছে। এর ফলস্বরূপ, পর্যটন ও শিক্ষা ক্ষেত্রে তুরস্ক কয়েক হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে চলেছে।

পর্যটনে তীব্র ধাক্কা
কম খরচে ইউরোপের মতো অভিজ্ঞতা দিতে পারায় তুরস্ক ভারতীয় পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সম্প্রতি তুরস্কের ভারত বিরোধী কার্যকলাপের পর হাজার হাজার ভারতীয় নাগরিক তাদের তুরস্ক ভ্রমণের পরিকল্পনা বাতিল করেছেন। একটি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৪ সালের জুনে যেখানে ভারত থেকে ৩৮ হাজারের বেশি পর্যটক তুরস্ক গিয়েছিলেন, সেখানে ২০২৫ সালের জুনে এই সংখ্যা ২৪ হাজারে নেমে এসেছে। অর্থাৎ, মাত্র এক বছরে পর্যটকের সংখ্যা প্রায় ৩৭% কমেছে। কলকাতার মতো বড় শহর থেকেও আসন্ন পূজার ছুটিতে প্রায় ১,৫০০ জন পর্যটক তাদের তুরস্ক ভ্রমণ বাতিল করেছেন। এতে তুরস্কের সরকার আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে। ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কাও মনে করিয়ে দিয়েছেন যে, এই ধরনের বয়কটের মাধ্যমে তুরস্ককে অর্থনৈতিকভাবে দুর্বল করা সম্ভব।

শিক্ষা ক্ষেত্রেও প্রভাব
পর্যটনের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও এর প্রভাব দেখা গেছে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো ভারতের একাধিক প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করেছে। একই পথে হেঁটেছে আইআইটি রুরকি এবং আইআইটি বম্বের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানও। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ভারত স্পষ্ট বার্তা দিচ্ছে যে, দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।