এক গভীর রাতে তিন তারকা, মনসুর-শর্মিলা-সিমির প্রেম-ত্রিকোণমিতির অজানা অধ্যায়

ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমকাহিনি প্রায় সবারই জানা। তবে শর্মিলার আগে আরেক বলিউড অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন এই ক্রিকেট নবাব। তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী সিমি গারেওয়াল। সিমি এবং মনসুরের সম্পর্ক চলাকালীনই শর্মিলার প্রতি মনসুরের অনুরাগ জন্ম নেয়। কিন্তু প্রেমিকার কাছে সেই কথা মনসুর কীভাবে প্রকাশ করেছিলেন, তা শুনলে অবাক হতে হয়।
‘টাইমস অব ইন্ডিয়া’র একটি প্রতিবেদন অনুযায়ী, এক গভীর রাতে মুম্বইয়ে সিমির ফ্ল্যাটে হাজির হন মনসুর। দরজা খোলার পর তিনি কোনো ভূমিকা ছাড়াই সিমিকে বলেন, “ক্ষমা করে দিও। শুধু একটাই কথা বলার ছিল। অন্য কাউকে ভালো লেগেছে।”
মনসুরের এই অকপট স্বীকারোক্তি শুনে সিমি শান্ত হয়ে যান এবং কোনো ঝামেলা করেননি। এরপর তিনি মনসুরকে লিফট পর্যন্ত এগিয়ে দিতে যান। মনসুর বারণ করলেও সিমি শোনেননি। লিফটের কাছে পৌঁছে সিমি থমকে যান, কারণ সেখানে দাঁড়িয়ে ছিলেন শর্মিলা ঠাকুর। তিনজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। সেই মুহূর্তে একটি সম্পর্কের ইতি হয় এবং অন্য একটি সম্পর্কের সূচনা ঘটে।
এই ঘটনার পর মনসুর আর সিমির দিকে ফিরে তাকাননি। তিনি শর্মিলাকে বিয়ে করে সুখী জীবন কাটিয়েছেন। অন্যদিকে, সিমি গারেওয়াল ১৯৭০ সালে রবি মোহনকে বিয়ে করলেও সেই সম্পর্ক স্বল্পস্থায়ী হয়। মনসুর আলি খান পতৌদি তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত শর্মিলার সঙ্গেই ছিলেন।