দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি, দুই বঙ্গে ভিন্ন আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি কমে যাওয়ায় দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি ফিরলেও, এবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ১৩ আগস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে, যা ক্রমশ শক্তি বাড়িয়ে উত্তরবঙ্গে দুর্যোগ ডেকে আনতে পারে।

দক্ষিণবঙ্গে গত দু’মাস ধরে প্রবল বৃষ্টির পর এখন জল নামতে শুরু করেছে, যার ফলে মানুষজন স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। তবে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্বস্তিও বাড়ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করেছে। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ, মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটারেরও বেশি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃহস্পতিবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমে আসবে।

এই নিম্নচাপের ফলে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য অঞ্চলে ধস নামার আশঙ্কা রয়েছে। সিকিমেও একই ধরনের বিপদের সম্ভাবনা রয়েছে। তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়বে, যার ফলে নিচু এলাকা প্লাবিত হতে পারে।