বন্যায় বিধ্বস্ত ঘাটাল, ডিঙি নৌকায় চেপে স্কুলে আসছে পরীক্ষার্থীরা

বৃষ্টি কমলেও ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল এখনও জলের তলায়। সড়ক যোগাযোগ বিপর্যস্ত। এই পরিস্থিতিতে স্কুল-কলেজ থেকে শুরু করে বাজার-হাট, সব কিছুর জন্যই ভরসা ডিঙি নৌকা। এরই মধ্যে শুরু হয়েছে স্কুলের পরীক্ষা, যার ফলে চরম দুর্ভোগে পড়েছে পড়ুয়ারা। ঝুঁকি নিয়ে নৌকায় চেপে তাদের স্কুলে আসতে হচ্ছে।
ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানান, বন্যার কারণে অনেক আগেই পরীক্ষা পিছিয়ে দিতে হয়েছিল। এখন জল ধীরে ধীরে নামতে শুরু করায় এবং স্কুলের কিছু নিয়ম মেনে আবার পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। তিনি বলেন, “আমাদের স্কুলের জন্য ৪টি নৌকা রয়েছে। যে পড়ুয়ারা পরীক্ষা দিতে আসতে পারেনি, তাদের জন্য পরে পরীক্ষার ব্যবস্থা করা হবে।” তিনি আরও জানান যে, পর পর পাঁচবার স্কুল বন্যার জলে ডুবেছে। প্রথম দুটি পরীক্ষা নেওয়ার পরই জল বেড়ে যাওয়ায় পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল।
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও পরিস্থিতির ভয়াবহতা মেনে নিয়েছেন। তিনি বলেন, “বন্যার জল অনেকটাই কমতে শুরু করেছে। গুরুদাস হাইস্কুলের বিল্ডিং থেকে জল নেমেছে, কিন্তু রাস্তাঘাটে এখনও জল রয়েছে।” তিনি আরও বলেন, ঘাটাল পৌরসভা পড়ুয়াদের জন্য চারটি নৌকার ব্যবস্থা করেছে। এ ছাড়াও অনেকের নিজস্ব ডিঙি নৌকা রয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে পড়ুয়াদের লেখাপড়ার ক্ষতি যাতে না হয়, তার জন্য শিক্ষক এবং প্রশাসন উভয়ই চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জল না নামা পর্যন্ত ঘাটালের মানুষের স্বাভাবিক জীবনে ফেরা কঠিন বলেই মনে করা হচ্ছে।